Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

স্যুট-বুট পরে বিয়েবাড়িতে চুরির চেষ্টা, ধৃত যুবক

স্যুট-বুট পরে বিয়েবাড়িতে চুরির চেষ্টা, ধৃত যুবক
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: পেশায় রং মিস্ত্রি। জীবনের একটি সময়ে ক্যাটারিং সার্ভিসেও কাজ করেছিলেন। তবে বর্তমানে বিয়েবাড়িতে বিনা আমন্ত্রণে স্যুট-বুট পরে ঢুকে গিয়ে পেটপুরে খেয়ে দামি উপহার চুরি করে পালানো কার্যত নেশায় পরিণত করেছিলেন শিলিগুড়ির এক যুবক। তবে শেষরক্ষা হল না। অতিথি সেজে বিয়েবাড়িতে ঢুকে উপহার চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গেলেন ওই ব্যক্তি। উত্তমমধ্যম দিয়ে অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটানোর অভিযোগে শিলিগুড়ির বাসিন্দা ওই যুবককে গ্রেপ্তার করল পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিস। 
Advertisement
পুলিস জানিয়েছে, ধৃতের নাম মনোজ চৌধুরী। তাঁর বাড়ি শিলিগুড়ির উপকণ্ঠে শিবমন্দির এলাকাতে। প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে, পেশায় মনোজ রং মিস্ত্রি। জানুয়ারি মাসে প্রধাননগরের এক বিয়েবাড়িতে একইভাবে চুরির ঘটনা ঘটে। ঘটনার তদন্তে নেমে অভিযুক্তের ছবি পায় পুলিস। সেই ছবি দিয়ে সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ভবন ও অনুষ্ঠান বাড়িতে প্রচার চালানো হয় পুলিসের তরফে। পাশাপাশি ওই যুবকের খোঁজও শুরু করা হয়। এরই মাঝে রবিবার রাতে শিলিগুড়ির সেভক রোডের এক বিয়েবাড়িতে অতিথি সেজে স্যুট-বুট পরে হাজির হন মনোজ। সেখানেই তাঁকে দেখে চিনে ফেলেন এক অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক। সেই সময় ওই যুবককে বিয়েবাড়ি থেকে একটি উপহার চুরির চেষ্টা করতে দেখেন। এরপরই তাঁকে ধরে উত্তমমধ্যম দেন বিয়েবাড়িতে আসা আমন্ত্রিতরা। পাশাপাশি খবর দেন পুলিসে। খবর পেয়ে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিস অনুষ্ঠান বাড়িতে পৌঁছয়। সেখান থেকে ওই যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিস। 
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং বলেন, আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। বিয়েবাড়িতে ঢুকে ওই যুবক এভাবে চুরির ঘটনা আগেও ঘটিয়েছিল বলে আমরা জানতে পেরেছি। ভালো খাবারদাবার খেয়ে অতিথি হয়ে ঘুরতে ঘুরতে এমন ঘটনা ঘটায় অভিযুক্ত। ধৃতের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, সেটাই আমরা গুরুত্ব সহকারে দেখছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ