নিজস্ব প্রতিনিধি, মালদহ: চার বছরের এক শিশুকন্যাকে শারীরিক নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে আজ, মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল গাজোল। অভিযোগ, প্রায় দশ দিন আগে একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক ছাত্রীকেও যৌন নির্যাতন করে অভিযুক্ত। ঘটনাটি জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এরপর গতকাল অর্থাৎ সোমবার ফের চার বছরের শিশুকন্যাকে নির্যাতনের অভিযোগ ওঠে।
ঘটনার পর নির্যাতিতার পরিবার গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। অভিযুক্ত ঘটনার পর থেকেই পলাতক। তার খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। বর্তমানে নির্যাতিতা শিশুটির চিকিৎসা চলছে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে।
এদিকে, প্রথম ঘটনার কথা জানা সত্ত্বেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলিশকে বিষয়টি জানাননি বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে এদিন স্কুলে চড়াও হয়ে প্রধান শিক্ষক এবং এক সহশিক্ষককে মারধরের অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে। গুরুতর আহত সহশিক্ষক বর্তমানে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।