সাও পাওলো: অবশেষে গোলের খাতা খুললেন নেইমার। স্যান্টোসের হয়ে দ্বিতীয় ইনিংসের চতুর্থ ম্যাচে স্কোরশিটে নাম তুললেন ব্রাজিলিয়ান তারকা। রবিবার সাও পাওলো স্টেট চ্যাম্পিয়নশিপে আগুয়া সান্তার বিরুদ্ধে ম্যাচের ১৪ মিনিটে পেনাল্টি থেকে জাল কাঁপান তিনি। শুধু তাই নয়, ম্যাচের তৃতীয় গোলের ক্ষেত্রে অবদান রয়েছে নেইমারের। তাঁর সাজিয়ে দেওয়া পাস থেকে লক্ষ্যভেদ গুইলেরমোর। ম্যাচে ৩-১ গোলে জেতে স্যান্টোস। অপর গোলটি থাকিয়ানোর। আগুয়া সান্তার হয়ে ব্যবধান কমান নেতিনহো।
Advertisement
চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর গত মাসেই সৌদির আল হিলালের সঙ্গে চুক্তি ভেঙে ছোটবেলার ক্লাব স্যান্টোসে যোগ দেন নেইমার। ২০২৬ বিশ্বকাপের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেন তিনি। আপাতত তাঁর লক্ষ্য, দ্রুত ম্যাচ ফিট হয়ে ওঠা। উল্লেখ্য, স্যান্টোসের হয়ে প্রথম ইনিংসে ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত খেলেছিলেন নেইমার। এই পর্বে ২২৫ ম্যাচে ১১৮টি গোল করেন। এরপর বার্সেলোনার হয়ে রেকর্ড ট্রান্সফার ফি’তে পিএসজি’তে যোগ দেন তিনি। চোটের কারণে গত কয়েক বছর ক্রমশ ফুটবলের মূল স্রোত থেকে হারিয়ে যান ব্রাজিলিয়ান তারকা। তবে নিজেকে সামলে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য তাঁর।



