নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শারীর শিক্ষা, কর্মশিক্ষার প্রার্থীদের মঞ্চে যাচ্ছেন, অথচ তাঁদেরই চাকরি খাওয়ার জন্য উঠেপড়ে লেগেছেন সিপিএম নেতারা। উঠল দ্বিচারিতার অভিযোগ। শনিবার এসএলএসটি শারীর শিক্ষা, কর্মশিক্ষার যোগ্য প্রার্থীরা একযোগে দাবি করেন সিপিএমের বেশ কয়েকজন নেতা তাঁদের সঙ্গে সঠিক আচরণ করছেন না। দু’রকম অবস্থান নিয়ে চলছেন তাঁরা। এই প্রেক্ষাপটেই প্রার্থীরা এদিন একাধিক ছবি ও চিঠি তুলে ধরেন। সেখানে তাঁরা দেখিয়েছেন, সিপিএমের নেতারা আন্দোলন মঞ্চে গিয়েছিলেন, তাঁদের সঙ্গে কথা বলেছেন, সহানুভূতি প্রদর্শন করছেন, এমনকী পাশে থাকারও আশ্বাস দিচ্ছেন। অথচ এখন সিপিএম নেতা তথা আইনজীবীরা উল্টে এমন কাজ করছেন, যাতে চাকরি পাওয়া না যায়। সিপিএম নেতাদের এই আচরণ নিন্দনীয়। যোগ্য প্রার্থীদের তরফে শিবানী প্রতিহার, দেবাঞ্জন নাগ, রাজু দাসরা জানান, তাঁদের হয়ে আইনি লড়াই লরবার জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা বিপুল টাকা নিয়েছিলেন। ২৭ লক্ষ টাকা তাঁকে দেওয়া হয়েছিল। চাকরি যাতে পাই, তার জন্য তাঁরা যে আইনি লড়াই ২০১৯ সালে করেছিলেন, এখন তাঁদের অবস্থান সম্পূর্ণ উল্টো। এমনকী সিপিএম নেতা সুজন চক্রবর্তী আমাদের আন্দোলন মঞ্চে এসেছিলেন এবং পরবর্তী সময়ে আমাদের পক্ষ নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে চিঠিও পাঠিয়েছিলেন। তাই সিপিএম নেতাদের এখনকার আচরণের আমরা তীব্র নিন্দা করছি।



