Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

শিল্পে বিগত সরকারের থেকে পাওনা ইনসেন্টিভ মেটানোর আশ্বাস স্বপনের

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আচমকাই বন্ধ করে দিয়েছিল শিল্পের উৎসাহ মূলক আর্থিক সহায়তা প্রকল্প বা ইনসেন্টিভ স্কিম। এর ফলে বহু শিল্প সংস্থার যে টাকা প্রাপ্য ছিল সরকারের থেকে, তা বকেয় পড়ে যায়।

শিল্পে বিগত সরকারের থেকে পাওনা ইনসেন্টিভ মেটানোর আশ্বাস স্বপনের
  • ২৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আচমকাই বন্ধ করে দিয়েছিল শিল্পের উৎসাহ মূলক আর্থিক সহায়তা প্রকল্প বা ইনসেন্টিভ স্কিম। এর ফলে বহু শিল্প সংস্থার যে টাকা প্রাপ্য ছিল সরকারের থেকে, তা বকেয় পড়ে যায়। সেই পাওনা মেটাবে বর্তমান রাজ্য সরকার। শনিবার এক অনুষ্ঠানে এই প্রতিশ্রুতি দিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তবে একবারে নয়, ধাপে ধাপে সেই টাকা মেটানো হবে বলে জানিয়েছেন তিনি।

Advertisement

এদিন বেঙ্গল বিজনেস কাউন্সিল আয়োজিত এক অনুষ্ঠানে আয়োজকদের থেকে জানতে চাওয়া হয়, ইনসেন্টিভ বাবদ যে টাকা শিল্পমহলের বকেয়া আছে, তা কি নতুন সরকার মেটাবে? অর্থমন্ত্রী বলেন, ইতিমধ্যেই এই টাকা দাবি করে যে সংস্থাগুলি আদালতে মামলা করেছে, তারা জিতে যাবে এবং সেই টাকা সরকারকে মেটাতে হবে। আমরা যদি বকেয়া টাকা না দিই, তাহলে আমাদের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠবে। আমরা যে নতুন ইনসেন্টিভ পলিসি আনব, তাতেও ভরসা করবে না অনেকেই। সেই কারণেই আমরা টাকা মিটিয়ে দেব। তবে এক দফায় তা দেওয়া যাবে না। ধাপে ধাপে মেটানো হবে। এক্ষেত্রে ক্ষুদ্র ও ছোট শিল্প বেশি গুরুত্ব পাবে। কারণ, আর্থিক দুর্বলতায় তারা যদি পথে বসে, তাহলে শিল্পের ক্ষতি। কারণ, তারাই শিল্পের শিরদাঁড়া। রাজ্যের আর্থিক হাল যে সত্যিই খারাপ, তা মনে করিয়ে এদিন অর্থমন্ত্রী বলেন, আমরা আট লক্ষ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে ক্ষমতায় এসেছি। আশার কথা এই, বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের থেকে প্রায় ৭০ হাজার কোটি টাকা পাওয়া গিয়েছে। 
সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, তারা নতুন শিল্পনীতি আনবে ১৫ আগস্টের মধ্যে। কিন্তু তা আসেনি। সেই প্রসঙ্গে এদিন স্বপনবাবু বলেন, আমরা ভেবেছিলাম ওই সময়ের মধ্যে কাজ শেষ করতে পারব। কিন্তু বিষয়টিকে আমরা যতটা সহজভাবে নিয়েছিলাম, অতটা সহজ নয়। আগামী ১৫ থেকে ১৭ সেপ্টেম্বরের মধ্যে শিল্পনীতি আসবে বলে আশা করছি। পাশাপাশি তিনি জানান, এরাজ্যে যে শিল্প সংস্থাগুলির রেজিস্ট্রেশন রয়েছে, তাদের জন্য আলাদা কোনও সুবিধা দেওয়ার বিষয়টিও দেখবে সরকার। মূলত বাঙালি ব্যবসায়ীদের উদ্যোগে গঠিত বেঙ্গল বিজনেস কাউন্সিলের এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা তথা জেনারেল সেক্রেটারি শুভাশিস দত্ত, চেয়ারম্যান অভিষেক আড্ডি সহ অন্যান্য কর্তারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ