নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আট মাস আগে পূর্বতন সরকার চালু করেছিল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি। তবে বর্তমান সরকার এর কোনো দায়িত্ব নেবে না। সূত্রের খবর, মঙ্গলবার নবান্ন সভাঘরে সচিবদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বার্তা দিয়েছেন। কেন এই সিদ্ধান্ত নিচ্ছে তাঁর সরকার? তারও ব্যাখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী। আধিকারিকদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রীর সাফ বার্তা, পূর্বতন সরকারের ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচিতে প্রচুর টাকা গচ্চা গিয়েছে। যে কাজ করার কথা বলা হয়েছিল, তার কিছুই হয়নি। এমন ঘটনায় সরকারের ভাবমূর্তি নষ্ট হয়। ফলে এর দায়িত্ব বর্তমান সরকার নেবে না। একই সঙ্গে বিষয়টি ঠিকাদারদের ডেকে বুঝিয়ে দেওয়ার কথাও সচিবদের এদিন বলে দেওয়া হয়েছে বলে খবর।
নিকাশি, স্কুলবাড়ি মেরামত, এলাকার কমিউনিটি হল মেরামতির মতো ছোটো ছোটো কাজ করার জন্য এই প্রকল্প চালু করেছিল পূর্বতন সরকার। বুথ পিছু ১০ লক্ষ টাকা করে ধার্য করা হয়েছিল। মোট ৮,০০০ কোটি টাকা খরচ করার সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন সরকার। নির্বাচনের আগে পর্যন্ত অর্থদপ্তর থেকে ৫ হাজার কোটি টাকার বেশি ছাড়াও হয়েছে। কিছু কিছু কাজ শুরু হয়েছিল। কিন্তু, অধিকাংশ এলাকা থেকেই এই প্রকল্প নিয়ে অভিযোগ এসেছে বলে খবর। আর সেই কারণেই আগে থেকে চলে আসা অন্যান্য প্রকল্প চালালেও এই কর্মসূচির কোনো দায়িত্ব বর্তমান সরকার না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছে প্রশাসনিক মহল।
এই বৈঠকেই রাস্তা মেরামতিসহ অন্যান্য পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত প্রকল্প নিয়ে পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী। বর্ষায় রাস্তা মেরামতির কাজ করা যায় না। তাই বর্ষা মিটলেই দ্রুত কাজ শুরু করে আগামী ১০ অক্টোবরের মধ্যে রাস্তা মেরামতির কাজ শেষের নির্দেশ দিয়েছেন তিনি। ১৮ অক্টোবর দুর্গাপুজোর সপ্তমী। তার অন্তত আট দিন আগে কাজ শেষ করতেই হবে। না হলে প্যান্ডেলে ঠাকুর নিয়ে আসা থেকে শুরু করে পুজো আয়োজনে সমস্যা হবে।