নিজস্ব প্রতিনিধি, বারাসত: কালীপুজোর উদ্বোধনী মঞ্চ থেকে ১০০০ কোটি টাকার ‘তীর্থক্ষেত্র সার্কিট’ গড়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বারাসতের শিমুলতলা শ্রীকৃষ্ণপুর সাংস্কৃতিক চক্রের কালীপুজোর উদ্বোধনে এসে আগামী দুবছরের মধ্যে এই প্রকল্প গড়ার কথা জানান তিনি। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিধায়ক পীযূষ কানোরিয়া, দীপঙ্কর চক্রবর্তী, বিধায়ক রীতেশ তেওয়ারি, দেবদাস মণ্ডল প্রমুখ। এদিন মুখ্যমন্ত্রীর ঘোষণা, কোচবিহারের মদনমোহন জিউ কালীবাড়ি থেকে তারাপীঠ, তারকেশ্বর, কালীঘাট ও দক্ষিণেশ্বরকে যুক্ত করে গড়ে উঠবে তীর্থক্ষেত্র সার্কিট। চোরবাগানের মর্মান্তিক দুর্ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কালীপুজোয় নিরাপত্তা ও শৃঙ্খলায় বাড়তি নজর দেওয়ার আবেদন জানান শুভেন্দু। ওইসঙ্গে শমীকের জন্মদিনের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। জন্মদিনে শমীকবাবুকে একটি পেনও উপহার দেন তিনি।
অন্যদিকে, নাম-না-করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি রাজনৈতিক লড়াইয়ের চ্যালেঞ্জ ছুড়ে দেন শমীক। ১৫০০ কিমি দূরে গিয়ে প্রতিবাদ না করে বাংলায় এসে লড়াইয়ের আহ্বান জানান তিনি। কটাক্ষের সুরে সুরে শমীকের দাবি, বাঘিনি খেলা করছেন আরশোলার সঙ্গে। বাঘিনি খেলা করছেন কাঁকড়া-ছারপোকার সঙ্গে। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হয়েছে, আগামী ২৫ বছরেও তা বদলানোর সম্ভাবনা নেই বলে দাবি বিজেপির রাজ্য সভাপতির। ধর্মীয় স্বাধীনতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পূর্ববর্তী সরকারকে নিশানা করে মুর্শিদাবাদ ও মালদহের প্রসঙ্গ তোলেন শমীক। তাঁর দাবি, এখন আর প্রদীপ জ্বালানো, শাঁখ বাজানো কিংবা হরিনাম সংকীর্তনে বাধা দেওয়ার পরিস্থিতি নেই। পুলিশের উদ্দেশে তাঁর বার্তা, কোনো রাজনৈতিক নেতার প্রভাবের কাছে নতিস্বীকার না করে নির্ভয়ে দায়িত্ব পালন করতে হবে।



