Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মহিলা হোমগার্ডের অস্বাভাবিক মৃত্যু, সুইসাইড নোট ঘিরে চাঞ্চল্য

মহিলা হোমগার্ডের অস্বাভাবিক মৃত্যু, সুইসাইড নোট ঘিরে চাঞ্চল্য
  • ১৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: এক মহিলা ট্রাফিক হোমগার্ডের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চুঁচুড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিবাহিত ওই মহিলার বাবার বাড়ি পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের রাজরাজেশ্বরীতলায়। রবিবার রাতে সেই বাড়ি থেকেই ওই মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃতার ঘর থেকে একটি সুইসাইড নোটও মিলেছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, তাতে মৃতা তাঁর মেয়ে ও স্বামীকে অভিযুক্ত করে গিয়েছেন। পুলিস জানিয়েছে, মৃতার নাম দেবপ্রিয়া শেঠ (৩৪)। মৃতার পরিবার এনিয়ে কোনও অভিযোগ দায়ের করেনি।

Advertisement

মৃতার মা মঞ্জুলা ভট্টাচার্য বলেন, জামাইয়ের সঙ্গে মেয়ের দাম্পত্য কলহ চলছিল। মেয়ে তাঁর নাবালিকা মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসে। জামাইয়ের সন্দেহ ছিল, অন্য কোনও যুবকের সঙ্গে আমার মেয়ের সম্পর্ক আছে। সম্প্রতি সে এক যুবকের বাড়িতে গিয়ে ঝামেলাও করে এসেছিল। তারপরেই মেয়ে খুব ভেঙে পড়ে। আমার নাতনি মায়ের যাবতীয় কথা বাবাকে বলে দিত। তা নিয়েও মেয়ের আক্ষেপ ছিল। তাঁর মনে হতো, নাতনি তার বাবাকে বেশি ভালোবাসে। সব মিলিয়ে সে মানসিক অবসাদে ভুগছিল। মঞ্জুলাদেবী আরও জানিয়েছেন, তিনি এসব নিয়ে থানায় কোনও অভিযোগ করতে চান না। কারণ, জামাই, নাতনিকে নিজের কাছে রাখছে বলেছে। তিনি বলেন, আমরা বেশিদিন বাঁচব না। নাতনির ভবিষ্যতের জন্যই থানা-পুলিস করতে চাই না। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় সাতমাস আগে দেবপ্রিয়া স্বামীর কাছ থেকে চলে আসেন। তারপর তিনি বাবার বাড়িতে থেকেই অফিস করতেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই তিনি বিধ্বস্ত ছিলেন। রবিবারও ডিউটি সেরে বাড়ি ফিরে একপ্রস্থ কান্নাকাটি করেন। তারপরে নিজের ঘরে চলে যান। রাতে তাঁকে নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে। মৃতার ঘরের ডায়েরিতে একটি চিরকূটে সুইসাইড নোট পাওয়া গিয়েছে। - নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ