• সুস্মিতা চট্টোপাধ্যায়। টলিউডে এখন অভিনেত্রীর নাম প্রায়ই শিরোনামে থাকছে। হাতে বেশ কিছু কাজ রয়েছে ঠিকই। তবে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও কম চর্চা হয় না। দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে সুস্মিতা অভিনীত ‘মৃগয়া’। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতেও দেখা যাবে তাঁকে। পুরীতে সেই ছবির আউটডোর শ্যুটিং ইতিমধ্যেই শেষ করেছেন তিনি। আবার ‘ভালোবাসার মরশুম’-এ সুস্মিতা জুটি বাঁধতে চলেছেন শরমন জোশির সঙ্গে। শরমনের বিপরীতে অভিনয়ের সুযোগ সুস্মিতার কাছে ‘ফ্যান গার্ল মোমেন্ট’। হেসে বললেন, ‘শরমন জোশির প্রথম বাংলা ছবিতে অভিনয় তাও আমার সঙ্গে! এটা আমি প্রথমে বিশ্বাসই করতে পারিনি। আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো।’
ব্যক্তি জীবনেও কি ভালোবাসার মরশুম চলছে সুস্মিতার? পুরী পর্বের পর থেকেই সুস্মিতার ‘প্রেম-টেম’ নিয়ে চর্চা চলছে। টলিউডের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে সুস্মিতার প্রেমের গুঞ্জন। যুগলকে একসঙ্গে একাধিক অনুষ্ঠানেও দেখা গিয়েছে। যদিও সৃজিত-সুস্মিতা দু’জনেই বলেছেন তাঁরা ‘ভালো বন্ধু’। প্রশ্ন শুনেই সুস্মিতা বললেন, ‘এই বিষয়টাকে খুব ক্যাজুয়াল আমার কাছে। সৃজিত মুখোপাধ্যায় আমার মেন্টর। আমাদের বন্ধুত্বটা এমনই যা ভালো কাজের অনুপ্রেরণা দেয়। জীবনের অনুপ্রেরণা পাওয়া যায়। ভালো বই পড়া, ভালো কাজ করা, ভালো সিনেমা দেখার অনুপ্রেরণা এই বন্ধুত্ব থেকেই পাই।’ ব্যক্তিগত জীবন নিয়ে যতই চর্চা হোক এই মুহূর্তে সুস্মিতার একমাত্র লক্ষ্য কাজ। অভিনয় দক্ষতার মাধ্যমেই নিজেকে প্রমাণ করতে চান তিনি।
পূর্বাশা দাস