নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আরামবাগে রামকৃষ্ণ সেতুর পাশে অস্থায়ী ব্রিজ তৈরির জন্য সার্ভের কাজে নামল পূর্তদপ্তর। আগামী সপ্তাহেই নবান্নে ডিটেলস প্রজেক্ট রিপোর্ট পাঠানো হবে। অস্থায়ী সেতু নিয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য। উল্লেখ্য, গত মঙ্গলবারই পূর্তদপ্তর ও প্রশাসনের আধিকারিকরা রামকৃষ্ণ সেতুর পার্শ্ববর্তী এলাকা পরিদর্শন করেন। অস্থায়ী সেতু তৈরির পরিকল্পনা নেওয়া হয়। সেইমতো এদিন বুধবার থেকে রামকৃষ্ণ সেতুর বিভিন্ন জায়গায় পূর্তদপ্তরের তরফে সার্ভের কাজ শুরু করা হয়েছে। পূর্তদপ্তরের এক ইঞ্জিনিয়ার বলেন, অস্থায়ী সেতু তৈরি করতে গেলে বিভিন্ন দিকে সার্ভে করতে হবে। এদিন থেকে সেই কাজই শুরু করা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই অস্থায়ী সেতুর ব্যাপারে পূর্ণাঙ্গ প্রজেক্ট রিপোর্ট তৈরি করে রাজ্যের কাছে পাঠানো হবে। রাজ্য পরবর্তী সিদ্ধান্ত নিয়ে আর্থিক অনুমোদন দিলে কাজ শুরু হবে। পূর্তদপ্তর সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে পূর্তদপ্তরের ইঞ্জিনিয়াররা মাপজোকের কাজ করেন। কালীপুর মোড় এলাকাতেও তার কাজ চলেছে।



