নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মোটরবাইকের পর এবার চারচাকার গাড়ি। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির চারপাশে নজরদারি চলছে বলে অভিযোগ তুলল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। কোন গাড়ি, কোন সময় নজরদারি করছে, তার ভিডিয়ো সামাজিক মাধ্যমে তুলে ধরা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। যে ভিডিয়ো প্রকাশ করা হয়েছে তাতে দেখা গিয়েছে, লাল রঙের একটি চারচাকার গাড়ি এসে দাঁড়িয়েছে অভিষেকের কালীঘাটের বাড়ির সামনে। কিছুক্ষণ অপেক্ষা করার পর সেই গাড়িটি বেরিয়ে যায়। সিসি ক্যামেরায় তোলা ওই গাড়ির ছবি প্রকাশ করেছে তৃণমূল।
বলা হয়েছে, অভিষেকের বাড়ির চারপাশে গোপনে নজরদারি চলছে। ভয় দেখানোর এই উদ্বেগজনক কর্মকাণ্ডের মাধ্যমে বিজেপি ঠিক কী অর্জন করতে চাইছে? অভিযোগ, গত কয়েক সপ্তাহ ধরে পুলিশকর্মীরা সাদা পোশাকে ঘোরাফেরা করছেন।
বিজেপিকে সরাসরি নিশানা করে মমতা তৃণমূলের বক্তব্য, বিজেপি নিজেদের ব্যর্থতা থেকে মানুষের নজর ঘোরাতে মরিয়া হয়ে এখন রাজনৈতিক বিরোধীদের কণ্ঠরোধ করতে, নজরদারি চালাতে এবং রাষ্ট্রযন্ত্রের নির্লজ্জ অপব্যবহারের পথ বেছে নিচ্ছে। আইনের শাসন কোথায় হারিয়ে গেল? বাংলার সমগ্র পুলিশ বাহিনী কি আইনরক্ষার সাংবিধানিক দায়িত্ব ভুলে গিয়ে রাজনৈতিক ভয় দেখানোর হাতিয়ারে পরিণত হয়েছে?



