নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘যেভাবেই হোক, বাচ্চা ছেলেটিকে ভারতে ফিরিয়ে আনতে হবে।’ বাঙালি যুবকের রুশ স্ত্রীর মামলায় মঙ্গলবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সৈকত বসু নামে হুগলির এক বাঙালি যুবকের সঙ্গে কর্মসূত্রে পরিচয় হয় রুশ নাগরিক ভিক্টোরিয়া জিগালিনার। ২০১৭ সালে তাঁদের বিয়েও হয়। ২০২০ সালে জন্মায় শিশু সন্তান স্তাভ্য। কিন্তু আচমকাই স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক তিক্ত হয়। ছেলেকে নিয়ে চলে টানাপোড়েন। শীর্ষ আদালত সপ্তাহের কয়েকটা দিন বাবা, কয়েকটা দিন মায়ের কাছে থাকার নির্দেশ দেয়। কিন্তু মা ভিক্টোরিয়ার কাছে থাকাকালীন ২০২৩ সালে ছেলেকে নিয়ে পালিয়ে যান ভিক্টোরিয়া। সেই থেকে সুপ্রিম কোর্টে ছেলেকে ফেরানোর আবেদন করেছেন সৈকত বসু। এদিন শুনানিতে কেন্দ্রীয় সরকারের আইনজীবীকে বিচারপতি দীপঙ্কর দত্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, আমরা ছেলেটি ভারতে ফেরত চাই। কোনো কথা শুনতে চাই না। মায়ের কথা ভেবে সুপ্রিম কোর্ট বাচ্চাটিকে কয়েকদিন রাখার ব্যবস্থা করেছিল। কিন্তু যেভাবে সুপ্রিম কোর্টকে অবহেলা, অসম্মান করে ভিক্টোরিয়া দেশ ছেড়ে বাচ্চাটিকে নিয়ে পালিয়ে গেছে, তা মোটেই বরদাস্ত করা যায় না। তাই এ ব্যাপারে রাশিয়া এবং ভারত সরকার উভয়ে কথাবার্তা বলে বাচ্চাটিকে ফেরত আনুক।



