Bartaman Logo
১০ জুন, ২০২৬

রাজ্যপালের পাঠানো বিলে সিদ্ধান্ত জানাতে রাষ্ট্রপতিকে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

রাজ্যপালের পাঠানো বিলে সিদ্ধান্ত জানাতে রাষ্ট্রপতিকে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট
  • ১২ এপ্রিল, ২০২৫ ১৩:০৪
Prefer us on Google

নয়াদিল্লি, ১২ এপ্রিল: বিধানসভায় পাশ হওয়া কোনও বিল রাজ্যপাল দীর্ঘদিন আটকে রাখতে পারেন না। সম্প্রতি এক মামলায় এমনই রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। যা ছিল ‘ঐতিহাসিক’। পাশাপাশি দশটি গুরুত্বপূর্ণ বিল আটকে রাখার জন্য সর্বোচ্চ আদালতের তোপের মুখে পড়েন তামিলনাড়ুর রাজ্যপাল আর এন ববি। এই বিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজ্যপালকে তিন মাস সময় বেঁধে দিয়েছিল আদালত। এবার রাজ্যপালের পাঠানো কোনও বিলে সিদ্ধান্ত জানানোর জন্য রাষ্ট্রপতিকে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট। যেখানে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এধরনের কোনও বিল দীর্ঘদিন রাষ্ট্রপতি ভবনে ফেলে রাখা যাবে না। তিন মাসের মধ্যে এই বিষয়ে নিজের সিদ্ধান্ত জানাতে হবে রাষ্ট্রপতিকে। সুপ্রিম কোর্টের এমন রায় এই প্রথম বলে মত আইনজীবী মহলের।

Advertisement

তামিলনা‌ড়ুর রাজ্যপালের বিল আটকে রাখার মামলায় গত ৮ এপ্রিল রায়দান করেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু সেই অর্ডার শুক্রবার প্রকাশ করা হয়। এই মামলার রায়ে বিচারপতি জি বি পারদিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ বলেছে, সংবিধানের ২০১ অনুচ্ছেদের আওতায় রাষ্ট্রপতি যে দায়িত্ব পালন করেন তা জুডিশিয়াল রিভিউর আওতায় পড়ে।

রাজ্যপালের পাঠানো কোনও বিলে ‘পকেট ভেটো’ দেওয়ার অধিকার রাষ্ট্রপতির নেই বলে সর্বোচ্চ আদালত অভিমত প্রকাশ করেছে। ফলে এমন কোনও বিল হয় অনুমোদন অথবা খারিজ করতে রাষ্ট্রপতি বাধ্য। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য রাষ্ট্রপতিকে তিন মাস সময় বেঁধে দিয়েছে সর্বোচ্চ আদালত।

Advertisement
সম্পর্কিত সংবাদ