নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকদের পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ সংক্রান্ত মামলাটি আগামী ৩ নভেম্বর (মঙ্গলবার) সুপ্রিম কোর্টে শুনানির জন্য ফের তালিকাভুক্ত হয়েছে।
গত ২৭ অক্টোবর মামলাটি বিচারপতি প্রশান্তকুমার মিশ্র ও বিচারপতি শ্রী চন্দ্রশেখরের বেঞ্চে শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছিল। কিন্তু সেদিন ওই বেঞ্চে কর্ণাটকের একটি সিবিআই সংক্রান্ত মামলার শুনানি চলে সারাদিন ধরে। ফলে তালিকাভুক্ত অন্য কোনো মামলা আর ওঠেনি। বিচারপতিরা ওই দিন জানিয়েছিলেন, বাকি মামলাগুলি পরে শোনা হবে। তারপর যে এত তাড়াতাড়ি ডিএ মামলাটি ফের শুনানির তালিকায় চলে আসবে, সেটা মামলাকারী সংগঠনগুলিও আশা করেনি। ‘কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ’-এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, শুনানি থাকলেই ইতিবাচক কিছু হবে বলে তাঁরা আশা করেন। তবে সুপ্রিম কোর্ট নিযুক্ত ইন্দু মালহোত্রা কমিটি আগামী ১৪ ডিসেম্বর মামলকারী বিভিন্ন সংগঠনগুলির সঙ্গে কলকাতায় বৈঠক করবে বলে ঠিক হয়েছে। তার আগে সুপ্রিম কোর্টে কোনো চূড়ান্ত ফয়সালা হয়ে যাওয়ার আশা খুব একটা নেই। সুপ্রিম কোর্টের রায়ের পরও কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ এখনও পুরোপুরি মেলেনি বলে সংগঠনটির অভিযোগ। তাই এখনও আইনি লড়াই চলছে।



