কেরল কংগ্রেসকে শো-কজ নোটিস সুপ্রিম কোর্টের
  • ৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তকে নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্য করার অভিযোগ উঠেছে কেরল প্রদেশ কংগ্রেস কমিটির বিরুদ্ধে। সেই মামলায় এবার কেরল কংগ্রেসকে শো-কজ নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির ডিভিশন বেঞ্চ শুক্রবার জানিয়েছে, কেরল কংগ্রেসের বিরুদ্ধে সংবিধানের ১৩৯ অনুচ্ছেদে অনুযায়ী পদক্ষেপ করা হবে না কেন? তা লিখিতভাবে জানাতে হবে। এই মামলায় কেরল কংগ্রেসের তরফে ক্ষমা প্রার্থনার কথা বলা হলেও, সেই আরজির আন্তরিকতা নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। গত ১২ অক্টোবর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে আন্দোলন চলাকালীন এক্স হ্যান্ডলে একটি পোস্ট করা হয় কেরল কংগ্রেসের তরফে। তাতে প্রধান বিচারপতির সূর্য কান্তের পদত্যাগ চাওয়ার পাশাপাশি তাঁর বিকল্প কাউকে খুঁজে নেওয়ার কথা উল্লেখ করা হয়েছিল। পরে পোস্টটি ডিলিট করে দেওয়া হয়। এমনকি সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব মীনেশ দুবের আইনি নোটিসের প্রেক্ষিতে ক্ষমাও চেয়ে নেয় কেরল কংগ্রেস। এদিন এই সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন কেরল কংগ্রেসের তরফে শীর্ষ আদালতে জানানো হয়, পদাধিকারীদের অনুমোদন ছাড়াই ওই পোস্টটি আপলোড করা হয়েছিল। এই বিষয়ে হলফনামা দাখিল করা হবে। পালটা আদালত বলে, ‘আমরা দেখব হলফনামাটি কলম থেকে এসেছে, নাকি আপনার হৃদয় থেকে।’

Advertisement