নয়াদিল্লি: ফুটপাত কোনোভাবেই দখল করা চলবে না। সমস্ত রাস্তায় পথচারীদের হাঁটার জন্য নির্দিষ্ট জায়গা নিশ্চিত করতে হবে। সোমবার এক মামলার শুনাানিতে কেন্দ্রীয় সরকারকে এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। গত ১৯ জুন একটি মামলার রায়ে শীর্ষ আদালত জানিয়েছিল, নির্দিষ্ট ফুটপাতে হাঁটা দেশবাসীর মৌলিক অধিকার। এবার আমজনতার নির্বিঘ্নে চলাচলের বিষয়টি নিশ্চিত করার বার্তা দিল শীর্ষ আদালতের বিচারপতি পি এস নরসিমহা ও বিচারপতি অলোক আরাধের বেঞ্চ। এদিন মামলার শুনানিতে কেন্দ্রের তরফে ছিলেন অতিরিক্ত সলিসিটর জেনারেল কে এম নটরাজ। তাঁর উদ্দেশে আদালতের মন্তব্য, দড়ি বা অন্য কিছু দিয়ে পথচারীদের হাঁটার জায়গা আলাদাভাবে চিহ্নিত করতে হবে। তা যেন দখল না হয়, তাও নিশ্চিত করতে হবে। এনিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার জন্য কেন্দ্রকে দু’সপ্তাহের সময় দিয়েছে শীর্ষ আদালত। দু’সপ্তাহ পর ফের মামলার শুনানি।



