৭০-৮০ দশকের জনপ্রিয় অভিনেত্রী জারিনা ওয়াহাব এখন দক্ষিণী ছবিতে বেশি সক্রিয়। প্রভাসের ‘দ্য রাজা সাব’ ছবির শ্যুটিংয়ের অবসরে আড্ডা দিলেন তিনি।
৭০-৮০ দশকের জনপ্রিয় অভিনেত্রী জারিনা ওয়াহাব এখন দক্ষিণী ছবিতে বেশি সক্রিয়। প্রভাসের ‘দ্য রাজা সাব’ ছবির শ্যুটিংয়ের অবসরে আড্ডা দিলেন তিনি।
নৃত্যশিল্পীর বাসনা
ছোট থেকেই নাচের প্রতি ঝোঁক ছিল জারিনার। ভরতনাট্যম শিখতেন। লুকিয়ে কিছু হিন্দি এবং তেলুগু ছবি দেখেছিলেন। অভিনেত্রী নয়, নৃত্যশিল্পী হতে চেয়েছিলেন বলে জানালেন তিনি। জারিনার কথায়, ‘পুনে ফিল্ম ইনস্টিটিউটের বিজ্ঞাপন চোখে পড়েছিল। বাবা-মাকে অনেক কষ্টে রাজি করিয়ে এফটিআইআই-তে ভর্তি হয়েছিলাম। সেখান থেকে আমার অভিনয় সফর শুরু। এখনও পর্যন্ত আমার নাচের প্রতিভা দেখানোর সুযোগ কমই পেয়েছি। সে আক্ষেপ রয়েছে।’
কড়া পরিচালক
দীর্ঘ অভিনয় জীবনে বহু পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে জারিনার। তবে পরিচালক বাসু চট্টোপাধ্যায়ের ‘চিতচোর’ ছবিটি তাঁর ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছিল। এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন অমল পালেকর। পরিচালক বাসু চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ উঠতে আবেগের সুরে জারিনা বলেন, ‘বাসুদার ‘চিতচোর’-এ মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলাম। খুবই কড়া পরিচালক ছিলেন। তবে আমাদের সকলকে স্নেহ করতেন। বাসুদার কড়া নির্দেশ ছিল আমি যেন ছিটেফোঁটা মেকআপও না করি। লিপস্টিক লাগানোর উপরও নিষেধাজ্ঞা ছিল (হাসি)। সকলকে লুকিয়ে আমি সামান্য মেকআপ করেছিলাম। সেটাও উনি তুলে ফেলতে বলেছিলেন।’
দুই নায়কের মোহে
শশী কাপুর এবং বিনোদ খান্না। এই দুই নায়কের মোহে বরাবরই জারিনা আবিষ্ট ছিলেন। স্মৃতির ঝাঁপি খুলে অভিনেত্রী বলেন, ‘শাবানা আজমি এফটিআইআই-তে আমার সিনিয়র ছিলেন। ওঁর বাড়িতে প্রায়ই শশী কাপুর যেতেন। মুম্বইতে একবার শাবানাজির বাড়িতে আমি থাকাকালীন শশীজি এসেছিলেন। উনি জল খাওয়ার পর ওঁর চুমুক দেওয়ার গ্লাসের অর্ধেক জল আমি খেয়েছিলাম (হাসি)। আর শশীজি যে চেয়ারে বসেছিলেন, সেখানে অনেকক্ষণ বসেছিলাম। বিনোদজি ছিলেন মাটির মানুষ। একটা ছবির শ্যুটিংয়ে দেখি সমুদ্রের পাড়ে জেলেদের সঙ্গে বসে খাবার খাচ্ছেন’।
দক্ষিণের টানে
দক্ষিণী সিনেমার প্রতি ইদানীং অনেক বেশি টান অনুভব করেন জারিনা। ‘দক্ষিণে এখনও মা, বোন, বৌদি-র চরিত্রগুলোকে গুরুত্ব দেওয়া হয়। বলিউডে পার্শ্বচরিত্রের গুরুত্ব নেই। মায়ের চরিত্র এখন কম লেখা হয়। দক্ষিণের ছবিতে আমি চিরঞ্জীবীর মায়ের চরিত্রে অভিনয় করছি। প্রভাসের ‘রাজা সাহেব’-এও আমি মায়ের চরিত্র করলাম’, বললেন অভিনেত্রী।
বিচলিত নন
স্বামী তথা অভিনেতা আদিত্য পাঞ্চোলির সঙ্গে একাধিক অভিনেত্রীর সম্পর্কের কথা বার বার শিরোনামে উঠে এসেছে। সেসবে বিচলিত নন জারিনা। তাঁর ব্যাখ্যা, ‘আদিত্য বিবাহিত। দুই সন্তানের বাবা। তা সত্ত্বেও মেয়েরা ওর জন্য পাগল। আদিত্য ভালো স্বামী, ভালো বাবা। কখনও ওকে এ ব্যাপারে প্রশ্ন করিনি।’
----------- দেবারতি ভট্টাচার্য • মুম্বই