Bartaman Logo
২৮ মে, ২০২৬
বর্তমান / খেলা

দেশের ফুটবল ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন সুনীল

আসন্ন মরশুমে আইএসএল হবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। ফেডারেশনের সঙ্গে নতুন মাস্টার রাইটস সই না হওয়া পর্যন্ত টুর্নামেন্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এফএসডিএল।

দেশের ফুটবল ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন সুনীল
  • ১৭ জুলাই, ২০২৫ ১৭:০৭

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আসন্ন মরশুমে আইএসএল হবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। ফেডারেশনের সঙ্গে নতুন মাস্টার রাইটস সই না হওয়া পর্যন্ত টুর্নামেন্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এফএসডিএল। গত শুক্রবার ১৩টি ক্লাবকে চিঠি দিয়ে স্পষ্টভাবে সেকথা জানিয়ে দেয় তারা। ফলে সঙ্কটে দেশের এক নম্বর লিগ। বুধবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ঘোর আশঙ্কা প্রকাশ করেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। আইএসএলে বেঙ্গালুরু এফসি’র হয়ে খেলেন সুনীল। গতবারের রানার্স-আপ তারা। আচমকা লিগের ভবিষ্যৎ ঘিরে অনিশ্চয়তা প্রসঙ্গে তিনি বলেন, ‘গত কয়েকদিন আমি ছুটিতে ছিলাম। তখন ক্লাবের পক্ষ থেকে একটি মেসেজ পাই যে, সাময়িকভাবে প্রি-সিজন প্র্যাকটিস পিছিয়ে যাচ্ছে। তখন বেশ আনন্দই পেয়েছিলাম। তবে সেটা যে অনির্দিষ্ট কালের জন্য হয়ে দাঁড়াবে, কল্পনাও করতে পারিনি। নিমেষের মধ্যে আমার হাসি দুশ্চিন্তায় পরিণত হয়েছে। সত্যিই দেশের ফুটবল এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। লিগের সঙ্গে যুক্ত সব দলের ফুটবলার, সাপোর্ট স্টাফ ও সদস্যদের কথা ভেবে আমি উদ্বিগ্ন। প্রত্যেকেরই ভবিষ্যৎ প্রশ্নের মুখে। শুনলাম, সমস্যা সমাধানের জন্য চেষ্টা চালাচ্ছে টুর্নামেন্টের আয়োজক কমিটি। আশা করছি, আবারও সবকিছু স্বাভাবিক ছন্দে ফিরবে। হয়তো আমার কাছে এই মুহূর্তে সব প্রশ্নের উত্তর নেই। তবে প্রতিটি মানুষের কাছে আমার একটাই আবেদন, একটু ধৈর্য ধরুন। আপাতত এক ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছি। শেষ পর্যন্ত সব ঠিক হয়ে যাবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ