নয়াদিল্লি: দীপাবলির দিন লক্ষ্মীপুজো। তার আগে বায়না অনুযায়ী প্রতিমা তৈরি করতে হবে। তাই নাওয়া-খাওয়ার সময় ছিল না মধ্যপ্রদেশের মালভিয়া পরিবারের। প্রতিমার চোখ আঁকছিলেন বাবা। ঠিক সেই সময় ছোটো বোন এসে দিল সুখবরটা, ‘ভাইয়াকো মেডেল মিলা।’ কিন্তু তখনও কেউ জানতেন না, বাড়ির ছেলে শুধু পদকই জেতেননি, অর্জন করেছেন আরও বড়ো সাফল্য।
দুর্গা, কালী, গণেশ, সরস্বতী পুজোর মরশুমে প্রতিমা তৈরি করে পসরা সাজিয়ে বসাই তাঁদের পারিবারিক ব্যবসা। ছোটো থেকেই বাবা-কাকাদের সঙ্গে সেই কাজে হাত লাগাতেন জয়পাল। মাটির প্রতিমা গড়তে গড়তেই এবার ওলিম্পিকসের মঞ্চে পৌঁছনোর স্বপ্নপূরণ তাঁর। ২০২৮ লস এঞ্জেলস ওলিম্পিকসের ছাড়পত্র পাওয়া ভারতের প্রথম শ্যুটার জয়পাল মালভিয়া। গত শুক্রবার দোহায় আয়োজিত শ্যুটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার পিস্তলে রুপো জিতে পাকা করেছেন ওলিম্পিকসের টিকিট। একইভাবে ২০২৮ গেমসের টিকিট নিশ্চিত করলেন শ্যুটার নীরজ কুমার। বুধবার পুরুষদের ৫০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতলেন তিনি। সেই সুবাদেই মিলল লস এঞ্জেলস ওলিম্পিকসের ছাড়পত্র।



