বেঙ্গালুরু: ১৯৮০ মস্কো ওলিম্পিকসে সোনা জিতেছিলেন এমএম সোমায়া। সেবার ভারতীয় হকি দলকে নেতৃত্ব দেন তিনি। তবে কয়েকদিন আগেই বেঙ্গালুরুর বাসভবন থেকে চুরি যায় সেই পদক। স্বাভাবিকভাবেই বেশ চিন্তায় ছিলেন ৬৭ বছর বয়সি এই প্রাক্তন ওলিম্পিয়ান। তবে বেঙ্গালুরু পুলিশের তৎপরতায় চুরি যাওয়া ওলিম্পিক সোনার পদক সহ যাবতীয় সরঞ্জাম ফেরত পেলেন তিনি। বুধবার আরও একবার সেই পদক গলায় ঝুলিয়ে সোমায়া বললেন, ‘মনে হচ্ছে, ফের ওলিম্পিকসে পদক জিতলাম। ধন্যবাদ সকল পুলিশ আধিকারিককে। শুধু ব্যক্তিগত দিক থেকেই নয়, গোটা রাজ্যবাসীর পক্ষ থেকে তাঁদের কাছে আমি কৃতজ্ঞ। যেভাবে দ্রুততার সঙ্গে তাঁরা চুরি যাওয়া যাবতীয় সরঞ্জাম উদ্ধার করেছেন, তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়।’ উল্লেখ্য, ১৯৮০ ওলিম্পিকসে সোনা জয়ের পাশাপাশি দেশের হয়ে আরও দু’টি আসরে প্রতিনিধিত্ব করেন সোমায়া।
বেঙ্গালুরুর হ্যাল থার্ড স্টেজ এলাকায় সোমায়ার বাড়ি। সেখানেই গত ২৮ অক্টোবর চুরির ঘটনা ঘটে। এলাকাটি ইন্দিরানগর থানার অন্তর্গত। ওই সময় সোমায়া বাড়িতে ছিলেন না। সুযোগ বুঝে ফাঁকা বাড়িতে ঢুকেছিল চোরেরা। ওলিম্পিকসের সোনার পদক ছাড়াও ১৯৮২ এশিয়ান গেমসের রুপোর পদক, ১৯৮৬ সিওল এশিয়ান গেমস এবং ১৯৮২ চ্যাম্পিয়ন্স ট্রফির ব্রোঞ্জ পদকও খোয়া গিয়েছিল। এছাড়া সোনাদানা ও নগদ টাকা সহ চুরি যাওয়া অঙ্কের পরিমাণ ছিল প্রায় পৌঁনে চার লক্ষ টাকা। দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ।



