Bartaman Logo
২৮ মে, ২০২৬
বর্তমান / খেলা

সুহেল ভাটের আড়ষ্টতা কাটাতে উদ্যোগী সুনীল ছেত্রী

কাশ্মীরের ডাকাবুকো ছেলে। কিন্তু জাতীয় দলে তো নতুন।

সুহেল ভাটের আড়ষ্টতা কাটাতে উদ্যোগী সুনীল ছেত্রী
  • ২০ মে, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাশ্মীরের ডাকাবুকো ছেলে। কিন্তু জাতীয় দলে তো নতুন। তাই প্র্যাকটিস জার্সি গায়ে চাপিয়েই শিহরিত সুহেল ভাট। পাশাপাশি নার্ভাসও। তাই তাঁর দিকে এগিয়ে এলেন বর্ষীয়ান সুনীল ছেত্রী। কাঁধে হাত রেখে কথাও বললেন। কয়েক মিনিটের মধ্যেই আড়ষ্টতা কেটে গেল প্রতিশ্রুতিসম্পন্ন স্ট্রাইকারের। সোমবার নিউটাউনের সেন্টার ফর এক্সেলেন্সে জাতীয় শিবির শুরুর দিনে এটাই সেরা ফ্রেম। বুঝতে অসুবিধা হয় না, টিম স্পিরিটেই জোর দিতে চাইছেন কোচ মানোলো মার্কুয়েজ। আগামী ১০ জুন হংকংয়ে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলবে ভারত। তার আগে ৪ জুন রয়েছে থাইল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ। এদিন তারই মহড়া শুরু করে দিলেন সন্দেশ ঝিংগান, শুভাশিস বসুরা। তবে ব্যক্তিগত কারণে প্রথম দিনের অনুশীলনে অনুপস্থিত আশিক কুরুনিয়ান ও রাহুল ভেকে। 

Advertisement

এএফসি এশিয়া কাপের যোগ্যতা অর্জন পর্বের একটা ম্যাচ খেলে ফেলেছে ভারত। অবসর ভাঙিয়ে  ফিরিয়ে আনা হয়েছে সুনীল ছেত্রীকে। তবে ৪০ ছুঁইছুঁই সুনীল দলকে জেতাতে ব্যর্থ। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে সেই ম্যাচ গোলশূন্য ড্র হয়। এবার সামনে হংকং। ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৫৩ নম্বরে রয়েছে তারা। এই ম্যাচ থেকে পয়েন্ট কাড়তে মরিয়া ব্লু টাইগার্স। তার আগে দিন দশেকের প্রস্তুতির সময় পাচ্ছেন কোচ। এর মধ্যে দলের ফিটনেস বাড়িয়ে নেওয়াই লক্ষ্য স্প্যানিশ কোচের। কারণ, হংকং গতিময় ফুটবল খেলে। পাল্লা দিতে হলে ফুটবলারদের ফিট থাকাটা জরুরি। 
ইদানীং স্ট্রাইকার সমস্যায় ভুগছে ভারতীয় দল। তাই ফিরিয়ে আনা হয়েছে সুনীলকে। তবে লাভের লাভ কিছু হয়নি। তাই জাতীয় শিবিরে ডাকা হয়েছে সুহেল ভাটের মতো তরুণদের। সুযোগ কাজে লাগাতে পারলে তাঁর লাভ, ভারতেরও। 

সম্পর্কিত সংবাদ