সংবাদদাতা, উলুবেড়িয়া : কেউ গাছে ঝুলিয়ে দিল জলের পাত্র। কেউ গাছকে জড়িয়ে ধরল। কেউ দিল স্নেহের চুম্বন। বুধবার থেকে বিদ্যালয়গুলিতে গরমের ছুটি পড়ছে। বেশ কয়েকদিন বন্ধ থাকবে। সে সময় বিদ্যালয় চত্বরে থাকা গাছ এবং তাতে আশ্রয় নেওয়া পাখিদের কথা চিন্তা করে জল রেখে গেল উলুবেড়িয়ার দু’টি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।
উলুবেড়িয়ার জগৎপুরের আনন্দভবন ডেফ অ্যান্ড ব্লাইন্ড বিদ্যালয়ে বুধবার থেকে গরমের ছুটি পড়ছে। বাড়ি চলে যাবে বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়ারা। গ্রীষ্মকালে বিদ্যালয় খোলা থাকাকালীন এ চত্বরের গাছ ও তাতে আশ্রয় নেওয়া পাখিদের জল খাওয়ানোর দায়িত্ব নিজেদের মধ্যে ভাগ করে নেয় পড়ুয়ারা। বুধবার থেকে গরমের ছুটি পড়ে যাবে। এ সময় সমস্যা হতে পারে আন্দাজ করে সমাধানের উপায় বের করেছে তারা। মঙ্গলবার গাছের ডালে পাখিদের জন্য মাটির জলের ভাঁড় বেঁধে রাখল। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক অজয় দাস জানান, প্রতিদিন বিকেলে পাখিদের কোলাহলে ভরে ওঠে বিদ্যালয় চত্বর। ছাত্র-ছাত্রীরা ওদের জল খাওয়ায়। ছুটি পড়ছে বলে ওরা জলের পাত্র রেখে দিয়েছে।
অন্যদিকে উলুবেড়িয়ার বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের বাগানে এদিন রীতিমত উৎসবের চেহারা। গরমের ছুটি পড়ার আগে বাগানে বৃক্ষসখা জন্মমাস পালন হয়েছে। পাশাপাশি একাধিক ওষধির গাছ বসানো হয়েছে। মধ্যাহ্নভোজনে ছিল ভাত, ডাল, চিংড়ি পটল, চাটনি, পায়েস এবং বিদ্যালয়ের বাগানের গাছের আম ও জামরুল। প্রধানশিক্ষক রাজদূত সামন্ত জানান, বিদ্যালয়ের বাগানে ছাত্র-ছাত্রীদের নামাঙ্কিত গাছ আছে। তারা প্রতিদিন পরিচর্যা করে। ছুটি পড়ার পর ছাত্র-ছাত্রীরা নির্দিষ্ট সময়ে এসে গাছের পরিচর্যা করে যাবে।-নিজস্ব চিত্র