ইসলামাবাদ: কিছুতেই যেন বালুচিস্তানকে আর ধরে রাখতে পারছে না পাক সরকার। বারেবারে বালোচ বিদ্রোহীদের হাতে নাকাল হতে হচ্ছে পাক সেনাকে। দিন কয়েক আগেই বিস্ফোরণের জেরে এই প্রদেশে নিহত হন বেশ কয়েকজন পাক সেনা। আর এবার হানা সেনার স্কুলবাসে। যার জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ৪ শিশুর। জখম প্রায় ৩০-এর বেশি।
পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বুধবার বেলুচিস্তানের করাচি-কোয়েটা ন্যাশনাল হাইওয়েতে জিরো পয়েন্টের কাছে একটি সেনার স্কুল বাসে এই বিস্ফোরণ ঘটে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, আত্মঘাতী হামলার মাধ্যমেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে।
এই হামলার পিছনে কারা রয়েছে তা এখনও প্রকাশ্যে আসেনি। তবে জঙ্গি আশ্রয়দাতা পাকিস্তান গত কয়েকমাস ধরে বালুচিস্তান নিয়ে বিপাকে পড়েছে। বেলুচিস্তান লিবারেশন আর্মি সহ বেশ কয়েকটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পাক সেনা ও অবকাঠামো লক্ষ্য করে পরপর হামলা চালাচ্ছে। যা নিয়ে তীব্র অস্বস্তিতে রয়েছে ইসলামাবাদও।