নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: গ্রামীণ এলাকায় বিধায়ক বা সাংসদ তহবিলের টাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা যাবে ‘ভি বি জি রাম-জি’ প্রকল্পের মাধ্যমে। অর্থাৎ জনপ্রতিনিধিদের তহবিলের বরাদ্দে যেসব কাজের প্রস্তাব দেওয়া হবে, যেমন রাস্তা, ড্রেন, কমিউনিটি হল ইত্যাদি তৈরি বা সংস্কারের কাজ এই কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে বাস্তবায়নের পরামর্শ দিল সরকার। এর ফলে শুধু জনপ্রতিনিধিদের তহবিল নয়, কেন্দ্রীয় প্রকল্প খাত থেকেও খরচ হবে। বিষয়টি জানিয়ে বিধায়ক এবং সাংসদদের চিঠি দেওয়া হয়েছে। আরও একটি বিষয় হল, মানুষের উপকারে আসবে, এমন সব প্রকল্পের কাজই যাতে ‘ভি বি জি রামজি’ প্রকল্পের মাধ্যমে করানো হয়, সেদিকে নজর দেওয়ার জন্য বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে এমএলএ, এমপিদের।
জানা গিয়েছে, পঞ্চায়েত এবং পরিকল্পনা ও পরিসংখ্যান দপ্তরের যৌথ উদ্যোগে এই নয়া সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এমনিতেই ‘ভি বি জি রামজি’ প্রকল্পের মাধ্যমে ব্লকে ব্লকে বিভিন্ন ধরনের কাজ হচ্ছে। টাকাও খরচ হচ্ছে ভালোই। এবার জনপ্রতিনিধিদের এলাকা উন্নয়নের কাজের সঙ্গে এই কেন্দ্রীয় প্রকল্পের ‘কনভার্জেন্স’ চাইছে সরকার। অনেকেই মনে করছেন, এর ফলে একদিকে যেমন কর্মদিবস সৃষ্টি হবে, তেমনই অনেক বেশি সংখ্যক জবকার্ড হোল্ডার কাজ পাবেন। রাজ্যে এই প্রকল্পের অগ্রগতি এখনও শীর্ষে পৌঁছায়নি। ফলে যত বেশি কাজের সুযোগ তৈরি হবে, তত বেশি টাকা খরচের সুযোগ বাড়বে। এতে আখেরে রাজ্যেরই লাভ। তাই এমপি এবং এমএলএদের কাছে সরকারের অনুরোধ, যেখানে যেমন সুবিধা হবে, সেই মতো তাঁরা যেন তাঁদের এলকার কাজ এই ‘১২৫ দিনের কাজ’ প্রকল্পের মাধ্যমে করানোর পরামর্শ দেন স্থানীয় প্রশাসনকে। জেলাশাসক ও জেলা সমন্বয় আধিকারিকদের এ ব্যাপারে উদ্যোগী হওয়ার নির্দেশ দিয়েছে পঞ্চায়েত দপ্তর। কোন কোন কাজ করানো যাবে, তার তালিকাও দেওয়া হয়েছে দপ্তরের তরফে পাঠানো চিঠিতে। -ফাইল চিত্র



