নিজস্ব প্রতিনিধি, বারাসত: যেমন খুশি সাজো বা সঙ্গীত, কবিতা আবৃত্তির প্রতিযোগিতা সকলেরই জানা। কিন্তু মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে এবার ‘যত খুশি আখ খাও’ প্রতিযোগিতা হল হাবড়ায়। বহুজাতিক সংস্থার তরল পানীয় ছেড়ে আখ খাওয়ার প্রবণতা বৃদ্ধি করতে পয়লা বৈশাখের দিন অভিনব উদ্যোগ নিল হাবড়ার বাণীপুর বসন্ত উৎসবের উদ্যোক্তারা। তাঁদের আয়োজিত প্রতিযোগিতায় নবীন ও প্রবীণরা অংশগ্রহণ করেন। এদিন হাবড়ার বাণীপুর মেলার মাঠে আখ খাওয়ার প্রতিযোগিতা হয়। তাই, উদ্যোক্তারা আগেই টুকরো টুকরো করে আখ কেটে রাখে। পথচলতি অনেকেই বিষয়টি দেখে প্রতিযোগিতায় নাম লেখান। বেঁধে দেওয়া সময়ের মধ্যেই প্রতিযোগীরা এক এক টুকরো আখ নিয়ে ছুলেছেন। এরপর চিবিয়ে আখের রস পান করেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃতও করা হয়। উদ্যোক্তা সুবীর বসু বলেন, বহুজাতিক সংস্থার তরল পানীয় ছেড়ে আখ চিবিয়ে খাওয়ার প্রবণতা বৃদ্ধি করতেই পয়লা বৈশাখকে বেছেছি আমরা। আখ খাওয়ার প্রবণতা বৃদ্ধি করতেই আমাদের এই উদ্যোগ। প্রতিযোগী শম্পা সিনহা বলেন, নতুন প্রজন্মের মধ্যে আখ খাওয়ার প্রবণতা কমেছে। আমি নতুন প্রজন্মের হয়েও প্রতিযোগিতায় শামিল হয়ে খুশি।



