Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬

তৃণমূলের এমপি হিসাবেই সংসদে প্রশ্ন জমা এনসিপিআই সুদীপদের

এনসিপিআই সাংসদ পরিচয়ে অস্বস্তিতে তৃণমূলের এমপিরা। বিদ্রোহীদের আসন পরিবর্তন ও নতুন পদ নিয়ে চলছে জল্পনা। বিস্তারিত পড়ুন।

তৃণমূলের এমপি হিসাবেই সংসদে প্রশ্ন জমা এনসিপিআই সুদীপদের
  • ১৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি: লোকসভায় এনসিপিআই সাংসদ পরিচয় মিলবে কবে? এই প্রশ্নে অস্বস্তিতে রয়েছে তৃণমূলের টিম-টোয়েন্টি। ২০ জন বিদ্রোহী তৃণমূল এমপির যোগদানের বিষয়টি নিশ্চিত করে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন এনসিপিআই সভাপতি জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায়। তবুও মঙ্গলবার পর্যন্ত এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি লোকসভা সচিবালয়।  আগামী সোমবার ২০ জুলাই সংসদের বাদল অধিবেশনের শুরু। তার আগে রবিবার দুপুরে হবে সর্বদলীয় বৈঠক। সেখানে এনসিপিআই প্রতিনিধি হিসাবে সুদীপ বন্দ্যোপাধ্যায়-কাকলি ঘোষদস্তিদারদের ডাকা হবে বলে মৌখিকভাবে জানিয়েছেন লোকসভার স্পিকার। যদিও এখনও সরকারিভাবে কোনো আমন্ত্রণ পাঠায়নি সংসদ বিষয়ক মন্ত্রক। লোকসভার ওয়েবসাইটে সুদীপ-কাকলিদের পরিচয় এখনও তৃণমূল। বদলায়নি লোকসভার কক্ষে বসার নির্দিষ্ট আসন। সংসদে সরকারের কাছে যে সাংসদরা যে প্রশ্ন করেন, সেখানে তৃণমূলের এমপি হিসাবেই কয়েকজন প্রশ্ন জমা করেছেন। তাই বিদ্রোহীদের একাংশের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলছেন, ‘সেই কি সাধারণ সাংসদ হিসেবেই থাকতে হবে? পদ পাবেন শুধু আগের নেতারাই?’ রবিবার বিকাল চারটেয় তাঁরা পুরানো সংসদ ভবনের (এখন যার নাম সংবিধান সদন) দোতলায় বৈঠকে বসছেন। বাদল অধিবেশনে কী হবে তাঁদের অবস্থান? সেটাই ঠিক হবে ওই বৈঠকে।

Advertisement

রাজ্যসভায় অবশ্য সরকার পক্ষের কয়েকজনের আসন সংখ্যা বদলাচ্ছে। বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য এতদিন পিছনের সারিতে বসতেন। এবার তাঁকে আনা হচ্ছে সামনে, তৃতীয় সারিতে। বরাদ্দ হয়েছে ২৮ নম্বর আসন। এটা কি বাংলা জয়ের পুরস্কার? নাকি করা হবে মন্ত্রীও? বিশেষ সূত্রে জানা গিয়েছে, পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, পেট্রলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরীর আসন বদল হচ্ছে। তবে কি এঁদের মন্ত্রকও বদলাচ্ছে? নাকি মন্ত্রিসভা থেকেই বাদ? জল্পনা তুঙ্গে। এরই মধ্যে বিদ্রোহীদের চালে এবার লোকসভায় সংসদীয় কমিটির চেয়ারম্যানের পদ তৃণমূলের হাতছাড়া হতে বসেছে। তা পেতে পারে বিদ্রোহী সুদীপ-কাকলিদের নতুন পার্টি এনসিপিআই। কেন্দ্রীয় মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদলেও কাকলি এবং শতাব্দী রায়ের নাম নিয়ে চলছে চর্চা। লোকসভায় এখন তৃণমূলের হাতে রয়েছে সার, রসায়ন বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যানের পদ। কীর্তি আজাদ রয়েছেন ওই পদে। তবে সাংসদ সংখ্যা মাত্র আটে নেমে আসায় সেটি খোয়াতে পারে তৃণমূল। বিদ্রোহী সুদীপ-কাকলিরা ইতিমধ্যে ওই সংসদীয় কমিটির চেয়ারম্যানের পদ দাবিও করেছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ