Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরসভার ডাম্পিং গ্রাউন্ডগুলিকে আবর্জনার স্তুপ শূন্য করতে চায় সুডা

শনিবার উত্তর দিনাজপুর, মালদহ, দক্ষিণ দিনাজপুর জেলার ৯ টি পুরসভাকে নিয়ে রায়গঞ্জে পর্যালোচনা বৈঠক করে সুডা।

পুরসভার ডাম্পিং গ্রাউন্ডগুলিকে আবর্জনার স্তুপ শূন্য করতে চায় সুডা
  • ১৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: রাজ্যের সমস্ত পুর এলাকার ডাম্পিং গ্রাউন্ডকে আবর্জনার স্তুপ শূন্য করতে উদ্যোগী হচ্ছে স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি (সুডা)। শনিবার উত্তর দিনাজপুর, মালদহ, দক্ষিণ দিনাজপুর জেলার ৯ টি পুরসভাকে নিয়ে রায়গঞ্জে পর্যালোচনা বৈঠক করে সুডা। সেখানেই সুডার ডিরেক্টর জলি চৌধুরী জানান, কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে রাজ্যের সমস্ত পুর এলাকার ডাম্পিং গ্রাউন্ডকে আবর্জনার স্তুপ শূন্য করতে কাজ শুরু হয়েছে। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে রাজ্যের সব পুর এলাকার ডাম্পিং গ্রাউন্ডেই এই ব্যবস্থাপনা পুরোদমে চালু হয়ে যাবে। তার জন্য সুডা পুরসভাগুলিকে সঙ্গে নিয়ে কাজ করে চলেছে। 

Advertisement

সেইসঙ্গে হাউজিং ফর অলের কাজও দ্রুত সম্পন্ন করার জন্য পুরসভাগুলিকে বলা হচ্ছে। প্রকল্পটির মাধ্যমে বাড়ি তৈরির টাকা পাওয়ার পরও যে স্বল্প সংখ্যক উপভোক্তা বাড়ি তৈরি করেননি, তাঁদের সতর্ক করা হচ্ছে। সুডার স্পষ্ট বার্তা, হয় প্রকল্পে পাওয়া টাকা দিয়ে বাড়ি তৈরি করতে হবে, নয়তো টাকা ফেরাতে হবে। নাহলে আইনি ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 
সুডার ডিরেক্টরের কথায়, উত্তর দিনাজপুর, মালদহ, দক্ষিণ দিনাজপুর জেলার ৯ টি পুরসভায় অন্তত ১ হাজার ২০০ উপভোক্তা আছেন, যাঁরা টাকা পেয়েও বাড়ি তৈরি করেননি। তাঁদের বাড়ি তৈরির জন্য বলা হয়েছে। এরপরও কাজ না হলে নোটিশ পাঠানো হবে। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাঁর সংযোজন, বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রে পদ্ধতি পরিবর্তন হচ্ছে। পরিবর্তিত সেই নিয়মের ব্যাপারেও পুরসভাগুলিকে এই বৈঠকে জানানো হয়। 
৯ টি পুরসভাকে নিয়ে পর্যালোচনা বৈঠকের পাশাপাশি ডালখোলা, কালিয়াগঞ্জ সহ একাধিক পুর এলাকায় বিশেষ পরিদর্শনে যান সুডার ডিরেক্টর। শনিবার রায়গঞ্জের বন্দর শশ্মানঘাট ও সংলগ্ন ডাম্পিং গ্রাউন্ড সরেজমিনে পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে রায়গঞ্জ পুরসভা সহ অন্য পুরসভাগুলির সার্বিক কর্মকাণ্ড নিয়ে সন্তোষ প্রকাশ করেন সুডার ডিরেক্টর। 
তবে কিছুক্ষেত্রে কাজ দ্রুত শেষ করতে ঠিকাদার সংস্থাকে সামনাসামনি সতর্কও করেন। বন্দর শ্মশান থেকে রায়গঞ্জে ইসকন মন্দির পর্যন্ত বাঁধরোডের কাজ দ্রুত সম্পন্ন করতেও বলেন তিনি। 
এ প্রসঙ্গে রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, রথযাত্রা শুরুর আগেই বন্দর শ্মশান থেকে রায়গঞ্জে ইসকন মন্দির পর্যন্ত বাঁধরোডের কাজ দ্রুত সম্পন্ন করতে বলা হয়েছে। 
সুডার আধিকারিকরা সহ এদিনের পর্যালোচনা বৈঠকে ছিলেন রায়গঞ্জের পুর প্রতিনিধিরা। ছিলেন মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের পুর প্রতিনিধি ও পুর আধিকারিকরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ