নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ওপেন হার্ট সার্জারিতে আর সাময়িক সময়ের জন্যও বন্ধ করতে হবে না হৃদস্পন্দন। হৃদপিণ্ডের ‘লাব-ডুব’ চালু রেখেই করা যাবে অস্ত্রোপচার। সৌজন্যে—রোরটিক সার্জাারি। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ‘এসএসআই মন্ত্র’ নামে মেশিন তৈরি করেছে এক বেসরকারি সংস্থা। যেখানে একইসঙ্গে দু’জন সার্জন পাঁচটি কৃত্রিম হাত বিশিষ্ট অত্যাধুনিক যন্ত্রে অস্ত্রোপচার করছেন। বুকের মাঝ বরাবর চিরে আর অস্ত্রোপচারের যন্ত্র প্রবেশ করাতে হচ্ছে না। সাময়িক বন্ধও করতে হচ্ছে না হৃদপিণ্ডর স্পন্দন। কয়েকটি জায়গায় সামান্য ছিদ্র করে প্রবেশ করছে পাঁচ হাত বিশিষ্ট এক রোবটিক মেশিন। কম্পিউটার মনিটরে বিশেষ চশমায় দেখে যা নিয়ন্ত্রণ করছেন চিকিৎসকরা। সফল অস্ত্রোপচারে ৭-১০ দিনে রোগী ছাড়া পেয়ে ফিরছেন বাড়ি।
সম্পূর্ণ দেশীয় যন্ত্রে বিশ্বের প্রথম এ ধরনের দুই ডাক্তারকে দিয়ে রোবটিক সার্জারি সম্ভব হয়েছে বলেই গত বুধবার দিল্লিতে দাবি করেছেন বিশিষ্ট চিকিৎসক তথা মেদান্ত মেডিসিটির কর্ণধার ডাঃ নরেশ ত্রেহান এবং এসএসআই মন্ত্রর আবিষ্কর্তা ডাঃ সুধীর শ্রীবাস্তব। কীভাবে ‘বিটিং-হার্ট টোটালি এন্ডোস্কোপিক করোনারি আর্টারি বাইপাস’ অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে, সেকথা জানান তাঁরা। ডুয়াল-কনসোল প্রযুক্তির সাফল্যের কথা জানিয়ে তাঁরা জানান, এর আগে রোবটিক সার্জারি হলেও সাধারণত একজন চিকিৎসকই মেশিন অপারেট করতেন। নতুন যন্ত্রে দুই চিকিৎসক পাশাপাশি বসে রোবটের পাঁচটি হাত ব্যবহার করে করতে পারবেন।



