বিশ্বজিৎ দাস, কলকাতা: কথায় কথায় স্পেশালিস্টের জন্য আর কাড়ি কাড়ি টাকা অ্যাম্বুলেন্স ভাড়া দিয়ে ছুটতে হবে না শহরে। ছোটোখাটো অপারেশনের জন্যও পাড়ি দিতে হবে না মহকুমা বা জেলা সদরে। রাজ্যের প্রায় সাড়ে তিনশো ব্লক বা গ্রামীণ হাসপাতাল পেতে চলেছে মেডিসিন, সার্জারি, গাইনি, শিশু, অ্যানাসথেসিওলজি, সার্জারি, চক্ষু, ইএনটি এবং মনোরোগের চিকিৎসক—৯ ধরনের বিশেষজ্ঞ ডাক্তার। গাইনি, লেবার ওটিসহ তিনটি অপারেশন থিয়েটার। শুধু সিজার নয়, অন্যান্য অপারেশনও হবে সেখানে। শুধু তাই নয়, প্রতিটি ৩০ বেডের ব্লক বা গ্রামীণ হাসপাতাল মানোন্নয়নের পর হবে ৫০ বেডের হাসপাতাল। আর ৫০ থেকে ৬০ বেডের হাসপাতাল পরিণত হবে ১০০ বেডের হাসপাতালে। সব মিলিয়ে দ্বিগুণ পরিকাঠামো! কারণ, এরপর রাজ্যজুড়ে প্রতিটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও গ্রামীণ হাসপাতাল পরিণত হতে চলেছে এফআরইউ বা ফাস্ট রেফারেল ইউনিটে। কারণ, একমাত্র ফাস্ট রেফারেল ইউনিটেই থাকেন অ্যানাসথেসিওলজিস্ট, শিশু এবং স্ত্রীরোগ ও প্রসূতি বিশারদ। ব্লক হাসপাতালগুলির মধ্যে একমাত্র সেখানেই হয় সিজার। বর্তমানে রাজ্যজুড়ে ৩৫১টি ব্লক, গ্রামীণ হাসপাতাল এবং শহরাঞ্চলের কমিউনিটি হেলথ সেন্টারের মধ্যে এফআরইউ রয়েছে মাত্র ৪৮টি। নয়া সিদ্ধান্ত অনুযায়ী, বাকি ৩০৩টি হাসপাতালকেও ওই পর্যায়ে উন্নীত করা হবে। সঙ্গে থাকবেন ৯ ধরনের বিশেষজ্ঞ চিকিৎসক, ব্লাড স্টোরেজ ইউনিটসহ অসংখ্য পরিষেবা। স্বাস্থ্যদপ্তর এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে মিলেছে এই খবর।
দপ্তরের এক শীর্ষকর্তা বলেন, ‘আমরা সব ব্লক হাসপাতাল এফআরইউতে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে। সেই অনুযায়ী দ্রুত কাজ এগচ্ছে।’ কিন্তু পরিকাঠামো বাড়ালে যে বাড়াতে হবে লোকবলও। তা মিটবে কীভাবে? দক্ষিণবঙ্গের এক জেলার এক মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, ‘চুক্তির ভিত্তিতে ডাক্তার-কর্মী নিয়োগ হবে। এখনও পর্যন্ত এটাই ঠিক আছে যে সমকাজে সরকারি কর্মীদের বেতনের সমান ভাতা পাবেন তাঁরা। কিন্তু চাকরি হবে চুক্তিভিত্তিক।’ এই পরিকল্পনা রূপায়ণের কাজ কীভাবে এগচ্ছে? প্রতিটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে তাঁদের আওতায় থাকা প্রতিটি ব্লক বা গ্রামীণ হাসপাতাল সংক্রান্ত ৫টি প্রশ্ন জানতে চাওয়া হয়েছে। ১. কর্মী নিয়োগের সর্বভারতীয় স্বাস্থ্য মানদণ্ড ইন্ডিয়ান পাবলিক হেলথ স্ট্যান্ডার্ডস (আইপিএইচএস) অনুযায়ী ডাক্তার, নার্স, টেকনোলজিস্টসহ বিভিন্ন পদে কত লোক আছে। ২. এসব ক্যাডারে রাজ্য সরকারের অনুমোদিত কত পদ আছে। ৩. এসব পদে বর্তমানে কত লোক আছেন। ৪. আইপিএইচএস অনুযায়ী মোট শূন্যপদ কত এবং ৫. কত নতুন পদ সৃষ্টি করার দরকার আছে। স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, গ্রামীণ স্তরে রাজ্যের সর্ববৃহৎ হাসপাতাল তথা স্বাস্থ্যকেন্দ্র হল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা গ্রামীণ হাসপাতাল। দুর্ভাগ্যের বিষয় হল, গ্রামীণ এলাকার সবচেয়ে বড়ো হাসপাতাল হলেও ‘এটা নেই’, ‘সেটা নেই’, কথায় কথায় মহকুমা বা জেলা হাসপাতালে রেফার—অভিযোগের অন্ত নেই! ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার অবস্থা! কিছু বললে এসব জায়গার ডাক্তার-কর্মীদেরও সাফ কথা—‘লোক কই? না দিলে আমরা কী করব?’
সেই পরিস্থিতিরই এবার পরিবর্তন হতে চলেছে। ৩০৩টি ব্লক হাসপাতাল পাবে ৯ ধরনের স্পেশালিস্ট। এছাড়া এতদিনে যে ৪৮টি হাসপাতাল ফাস্ট রেফারেল ইউনিটে পরিণত হয়েছিল, তারাও পাবে বাকিগুলির মতোই অসংখ্য বাড়তি পরিষেবা।



