নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: এখনও গরমের তীব্রতা শুরু হয়নি। এরই মধ্যে জেলার বহু এলাকায় পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে। জলস্তর নেমে যাওয়ার ফলে বেশিরভাগ টিউবওয়েল অকেজো। সমস্যা সমাধানে জেলা পরিষদ বিকল্প ব্যবস্থা হিসেবে সাবমার্সিবল পাম্প বসানোর উদ্যোগ নিয়েছে। কিছু জায়গায় হয়েছে পাম্প বসানোর কাজ।
জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল জানিয়েছেন, গ্রীষ্মকালে টিউবওয়েলের মাধ্যমে যতটা নীচ থেকে জল উত্তোলন করা হয়, তা পর্যাপ্ত নয়। জলস্তর অনেক নীচে নেমে যাওয়ার কারণে টিউবওয়েল কাজ করে না। সাবমার্সিবল পাম্পের মাধ্যমে ভূগর্ভের অনেক গভীর থেকে জল তুলে কলের মাধ্যমে সরবরাহ করা হবে। জেলা পরিষদ আগামী অর্থবছরে প্রতি ব্লকে সাবমার্সিবল পাম্প বসানোর উপর গুরুত্ব দিতে পরিকল্পনা করেছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাসন্তী, কুলতলি, ক্যানিং সহ সুন্দরবনের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই টিউবওয়েল অকেজো হতে শুরু করেছে। এর ফলে এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বর্তমানে বারুইপুরের বহু এলাকায় বসানো হয়েছে সাবমার্সিবল পাম্প। সেখানে একটি ছোট ঘর তৈরি করে একাধিক কল বসানো হয়েছে। পাম্পের মাধ্যমে জল তুলে সেই ঘর থেকে জল সংগ্রহ করছেন স্থানীয় বাসিন্দারা। জেলা পরিষদ গ্রাম পর্যায়ে এই ব্যবস্থা সম্প্রসারণ করতে চায়। তাদের মতে, সাবমার্সিবল পাম্প রক্ষণাবেক্ষণের জন্য খুব একটা সমস্যা করতে হয় না এবং তীব্র গরমেও জলস্তর নেমে যাওয়া বা পাম্প অকেজো হওয়ার সম্ভাবনা নেই। তবে চাষবাসের জন্য বহু জায়গাতেই এই পাম্প বসিয়ে জল উত্তোলন করে সরবরাহ করা হচ্ছে। সেটা যাতে অনিয়ন্ত্রিতভাবে না হয় সে ব্যাপারেও নজরদারি চালানো হবে।