সংবাদদাতা, উলুবেড়িয়া: আমরা শপথ করছি ১৮ বছরের আগে বিয়ে করব না এবং ১৮ বছরের আগে কোনও বান্ধবীকে বিয়ে করতেও দেব না। আমরা প্রত্যেকে আমাদের জীবনের একটা লক্ষ্য স্থির করব এবং যতক্ষণ পর্যন্ত না সেই লক্ষ্যে পৌঁছতে পারব, ততক্ষণ চেষ্টা চালিয়ে যাব। বাল্যবিবাহ রোধে বৃহস্পতিবার এইভাবেই শপথ নিল পড়ুয়ারা।
এদিন শ্যামপুর ১ ব্লক প্রশাসন এবং শ্যামপুর ১ পঞ্চায়েত সমিতির উদ্যোগে স্থানীয় কালীদহ গোহালদহ রসিকলাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ ও ড্রপ আউট রোধে এক সচেতনতামূলক আলোচনাচক্রটি হয়। সেখানে উপস্থিত ছিলেন শ্যামপুর ১-এর বিডিও তন্ময় কার্জি, ১ পঞ্চায়েত সমিতির সভাপতি মৃন্ময় মান্না প্রমুখ। এই আলোচনাচক্রে কম বয়সে বিয়ে হলে নাবালিকাদের শারীরিক কী কী সমস্যা হতে পারে, এমনকী যার সঙ্গে বিয়ে হচ্ছে তাঁরও আইনগত কী সমস্যা হতে পারে, সেই বিষয়ে পড়ুয়াদের সচেতন করা হয়। বিডিও তন্ময় কার্জি জানান, বাল্যবিবাহ একটা বড় সমস্যা। সরকারের পক্ষ থেকে আমরা নিয়মিত এই ব্যাপারে সবাইকে সচেতন করলেও একশ্রেণির মানুষের অসহযোগিতার কারণে এটা সম্পূর্ণভাবে বন্ধ করা যাচ্ছে না। সেই কারণে আমরা এই সচেতনতামূলক আলোচনার আয়োজন করলাম। প্রসঙ্গত, এর আগে স্কুলছুটের সংখ্যা কমাতেও বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছিলেন বিডিও। নিজস্ব চিত্র