Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাটিক প্রিন্টে সুন্দরবনের ম্যানগ্রোভ সংরক্ষণের কথা তুলে ধরল পড়ুয়ারা

বিশ্ব ম্যানগ্রোভ সংরক্ষণ দিবসে সুন্দরবনের স্কুল পড়ুয়ারা তাদের স্থানীয় সমস্যা ও সমাধানের কথা তুলে ধরল বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার অনুষ্ঠানে।

বাটিক প্রিন্টে সুন্দরবনের ম্যানগ্রোভ সংরক্ষণের কথা তুলে ধরল পড়ুয়ারা
  • ২৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিশ্ব ম্যানগ্রোভ সংরক্ষণ দিবসে সুন্দরবনের স্কুল পড়ুয়ারা তাদের স্থানীয় সমস্যা ও সমাধানের কথা তুলে ধরল বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার অনুষ্ঠানে। কলকাতার জাদুঘর চত্বরে শনিবার সাসেক্স বিশ্ববিদ্যালয় ও পরিবেশ মন্ত্রকের ইআইএসিপির উদ্যোগে গবেষক ও পড়ুয়াদের নিয়ে এই অনুষ্ঠানটি হয়। সেখানেই সুন্দরবনের পড়ুয়ারা অংশগ্রহণ করে। সুন্দরবনের বাসিন্দা সদ্য কলেজ পাশ করা অনুপম গড়াই বলছিলেন, সুন্দরবনে এখন অনেক পর্যটক ঘুরতে যাচ্ছেন। সেখানে গিয়ে তাঁরা যত্রতত্র প্লাস্টিক ফেলে আসছেন। ফলে সেখানকার পরিবেশের সমস্যা হচ্ছে। দ্বাদশ শ্রেণির এক পড়ুয়া বলেন, আমাদের ওখানে পানীয় জলের সমস্যা প্রবল। অনেক মানুষ কাজের জন্য এলাকা ছেড়ে চলে যাচ্ছেন। যদি ওখানেই কাজ পাওয়া যায়, তবে স্থানীয় লোকেরা সেখানেই থাকতে পারেন। গবেষকদের বক্তব্যে উঠে আসে, ঘূর্ণিঝড় বা সাইক্লোন ঠেকানোর জন্য একমাত্র উপায় ম্যানগ্রোভ গাছ বসানো। এর বিকল্প আর নেই। বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার ডিরেক্টর মানস ভৌমিক বলেন, আমরা সুন্দরবন থেকেই পড়ুয়াদের নিয়ে এসেছি। তাঁদের মধ্যে সচেতনতা আরও বৃদ্ধি করার জন্যই এমন উদ্যোগ। অনুষ্ঠানে ছিলেন সাসেক্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট হিস্ট্রির ডিরেক্টর বিনীতা দামোদারন। ওই বিভাগের সিনিয়র অ্যাসোসিয়েট রিসার্চার অনিন্দিতা সাহা বলেন, আমরা দীর্ঘদিন ধরে ওখানকার পড়ুয়াদের নিয়ে কাজ করছি। সম্প্রতি তাদের বাটিক প্রিন্টের কাজ শেখানো হয়েছে। সুন্দরবনের সমস্যা ও তার প্রতিকার তাঁরা বাটিক প্রিন্টের মাধ্যমে কাপড়ে তুলে ধরেছেন। বালিগঞ্জের বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামেও (বিআইটিএম) পালিত হল এই বিশেষ দিন। পড়ুয়ারা ম্যানগ্রোভ চারা বসানোর পাশাপাশি ক্যুইজ প্রতিযোগিতায় যোগ দেয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ