নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী মঙ্গলবার সত্যজিত্ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (এসআরএফটিআই) পড়ুয়াদের ডাকা দেশজুড়ে ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচিতে সংহতি জানাল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। রবিবার এসআরএফটিআইয়ের পড়ুয়ারা প্রাদেশিক কৃষকসভার দপ্তরের প্রেক্ষাগৃহে সাংবাদিক সম্মেলন করেন। তাঁদের সঙ্গে যোগ দেন যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকাল ইনস্টিটিউটের (আইএসআই) পড়ুয়ারা। তাঁরা সকলেই মনে করছেন, এসআরএফটিআইয়ের পড়ুয়াদের উপর আক্রমণের ঘটনা বিচ্ছিন্ন নয়। দেশজুড়ে বিভিন্ন ক্যাম্পাসে বিজেপি-আরএসএসের আক্রমণের একটি অংশ হল এসআরএফটিআই।
তবে, এসআরএফটিআই কর্তৃপক্ষ রবিবার একটি বিবৃতি দিয়ে বলেছে, অভব্য আচরণ, ভাঙচুরের ঘটনার জন্যই কয়েকজন পড়ুয়াকে বহিষ্কার-শোকজ করা হয়েছে। এর সঙ্গে পড়ুয়াদের আন্দোলনের কোনো সম্পর্ক নেই। দুটি বিষয়টি এক করে দেখা ঠিক নয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের রেজিস্ট্রার। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, পঠনপাঠন স্বাভাবিক করার জন্যই প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারপরেও পড়ুয়ারা বেআইনিভাবে ক্যাম্পাস দখল করে রয়েছেন। ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনকে পূর্ণ সমর্থন করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে এসআরএফটিআইয়ের অ্যারন, শুভমরা বলেন, উপাচার্য আমাদের ক্রমাগত হুমকি দিচ্ছেন। আমরা নীরব থাকব না। আমরা আমাদের ক্যাম্পাস ছাড়ব না। তাঁরা আরও বলেন, আসলে এরা এমন একটা প্রজন্ম তৈরি করতে চাইছে যারা প্রশ্ন করতে পারে না। মঙ্গলবারের আন্দোলনে জামিয়া মিলিয়া, আইআইটি বম্বে, জেএনইউ-সহ বিভিন্ন ক্যাম্পাসে এই কর্মসূচি পালিত হবে। আইএসআই এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক-ছাত্ররা এদিন জানান, এসআরএফটিআইয়ের সমস্যার সঙ্গে ক্যাম্পাসে আক্রমণ, জাতীয় শিক্ষা নীতিসহ একাধিক ইস্যুতে আগামী দিনেও আন্দোলন চলবে। নভেম্বরের মাঝামাঝি তাঁরা একটি মিছিলের পরিকল্পনাও করছেন।



