নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শুক্রবার ডোমজুড়ের একটি প্রাথমিক স্কুলে ফাইলেরিয়ার ওষুধ খেয়ে কয়েকজন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে বলে অভিযোগ। সে কথা শোনার পর অভিভাবকদের একাংশ স্কুলে এসে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, আশাকর্মীরা পড়ুয়াদের ওষুধ খাওয়ানোর পরই অনেকে অসুস্থ হয়ে পড়ে। যদিও জেলা স্বাস্থ্যদপ্তর জানিয়েছে, পড়ুয়াদের মধ্যে কয়েকজনের পেটে কৃমি থাকায় তারা সামান্য অসুস্থ হয়ে পড়েছিল।
এদিন দুপুরে ডোমজুড়ের দক্ষিণ নিবড়া মোল্লাপাড়ার নিবড়া কনভার্টেড জুনিয়র বেসিক স্কুলের ৯৩ জন পড়ুয়াকে ফাইলেরিয়ার ট্যাবলেট খাওয়ান আশাকর্মীরা। কিন্তু দেখা যায়, স্কুল ছুটির পর পড়ুয়াদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। মাথা ঘোরা ও বমিবমি ভাব দেখা যায় কয়েক জনের মধ্যে। খবর পেয়েই স্কুলে ছুটে আসেন অভিভাবকরা। তাঁরা রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন। এমনকী বেশ কিছুক্ষণ আশাকর্মীদের স্কুলে আটকে রাখা হয়। সোনিয়া খাতুন নামে এক অভিভাবক বলেন, ‘আমার মেয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে। শুনলাম আশা দিদিরা ক্লাসের সবাইকে ওষুধ খাইয়েছিল। এরপরেই মেয়ে অসুস্থ হয়ে পড়ে।’ অসুস্থ শিশুদের স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
এই প্রসঙ্গে হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কিশলয় দত্ত বলেন, ‘স্কুলে বাচ্চাদের ফাইলেরিয়ার ওষুধ খাওয়ানোর আগে অভিভাবকদের সঙ্গে আলোচনা করা হয়েছিল। কয়েকজন শিশুর পেট খালি ছিল। আবার কয়েকজনের পেটে কৃমির সমস্যা ছিল। তাই ওদের বমিবমি ভাব এসেছিল। এমনটা হওয়া স্বাভাবিক। এতে ভয় পাওয়ার কিছু নেই।’ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ বলেন, ‘কয়েকজন অভিভাবক বিষয়টি না জেনেই বিক্ষোভ দেখিয়েছিলেন। এমন কিছু ঘটনা ঘটেনি।’ - নিজস্ব চিত্র