Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

চলন্ত ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে রেস, দরজায় ধাক্কা লেগে মৃত্যু পড়ুয়ার

ট্রেন ছাড়ল বলে। ভোঁ বাজতেই দরজা থেকে নেমে দাঁড়াল এক কিশোর। পরনে স্কুলের ইউনিফর্ম, কাঁধে ব্যাগ। দরজার সামনে লোহার রড ধরে সে দাঁড়িয়ে প্ল্যাটফর্মে।

চলন্ত ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে রেস, দরজায় ধাক্কা লেগে মৃত্যু পড়ুয়ার
  • ১১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ট্রেন ছাড়ল বলে। ভোঁ বাজতেই দরজা থেকে নেমে দাঁড়াল এক কিশোর। পরনে স্কুলের ইউনিফর্ম, কাঁধে ব্যাগ। দরজার সামনে লোহার রড ধরে সে দাঁড়িয়ে প্ল্যাটফর্মে। ধীরে ধীরে ট্রেন চলতে শুরু করলে সমান্তরালে ছুটতে থাকে সে। প্ল্যাটফর্ম ছাড়ার মুহূর্তে আচমকা লাফিয়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়েই বিপত্তি। শেষরক্ষা হল না। দরজায় সজোরে ধাক্কা খেয়ে ছিটকে পড়ল প্ল্যাটফর্মে। স্টান্ট দিতে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। বুধবার বিকেল সাড়ে ৪টে নাগাদ এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বেলুড় স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে। মৃত পড়ুয়ার নাম ঋতু শর্মা (১৩)। তার বাড়ি হুগলির ডানকুনিতে। পড়ুয়াকে প্রথমে বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এদিনের ঘটনার বিবরণ দিতে গিয়ে রীতিমতো শিউরে উঠেছেন প্ল্যাটফর্মে থাকা প্রত্যক্ষদর্শীরা।

Advertisement

ডানকুনি ৯ নম্বর রেলগেট এলাকায় বাড়ি ঋতু শর্মার। বেলুড়ের খামারপাড়া জাগৃতি হিন্দি বিদ্যামন্দিরের সপ্তম শ্রেণির ছাত্র সে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে স্কুলের তিন সহপাঠীর সঙ্গে বেলুড় স্টেশনে এসেছিল ঋতু। বালি পর্যন্ত যাওয়ার জন্য বিকেল সাড়ে চারটে নাগাদ ৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনে ওঠে তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেন ছাড়ার আগের মুহূর্তে দরজা থেকে নেমে প্ল্যাটফর্মে দাঁড়ায় ওই পড়ুয়া। তার সহপাঠীরা অবশ্য ট্রেনের ভিতরে দরজার সামনেই দাঁড়িয়েছিল। ট্রেন গতি বাড়ালে একহাতে দরজার লোহার রড ধরে দৌড়তে শুরু করে ঋতু। প্ল্যাটফর্মের র‍্যাম্প ধরে একেবারে শেষ পর্যন্ত চলন্ত ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়চ্ছিল সে। এরপর আচমকা লাফ দিয়ে ট্রেনে ওঠার চেষ্টা করলে তার মাথা ট্রেনের দরজায় সজোরে ধাক্কা খায়। মুহূর্তে সে ছিটকে পড়ে প্ল্যাটফর্মে। দ্রুতগতিতে পাশ কাটিয়ে বেরিয়ে যায় ট্রেন।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই পড়ুয়ার। অটল মিশ্র নামের এক যাত্রী বলেন, ‘ওভারব্রিজের উপর দাঁড়িয়ে সবটা দেখেছি। ভীষণ মর্মান্তিক ঘটনা। ছেলেটি রীতিমতো ট্রেনের সঙ্গে রেস করছিল। ট্রেনের দরজায় ধাক্কা খেয়ে প্ল্যাটফর্মে ছিটকে পড়ে মাথায় লাগে ওর।’ জানা গিয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পড়ুয়ার পরিচয় জানতে তার স্কুল ব্যাগটি খুলেছিলেন অন্যান্য যাত্রীরা। ভিতরে বইপত্র, খাতা কিছুই মেলেনি। পড়ুয়ার পকেট থেকে মিলেছে তার দাদার স্কুলের আইডি কার্ড। মৃত পড়ুয়ার দাদা বেলুড়ের ওই একই স্কুলে নবম শ্রেণিতে পড়ে। 
রেল পুলিশের এক আধিকারিক বলেন, ‘পড়ুয়ার পরিবারকে খবর দেওয়া হয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হবে।’  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ