গুয়াহাটি: বিজেপি শাসিত অসমে বর্বরোচিত ঘটনা। স্কুল থেকে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার ছাত্রী। তাঁকে অপহরণ করে নির্যাতন চালায় তিন দুষ্কৃতী। সোমবার বিকেলের এই ঘটনার প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে তিনসুকিয়া জেলার বোরডুবি থানা এলাকা। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন বাসিন্দারা। এই ঘটনা বিজেপি শাসিত রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।
পুলিশ সূত্রে খবর, ওইদিন বিকেল তিনটে নাগাদ ওই ছাত্রী স্কুল থেকে বাড়ি ফিরছিল। তখন বাইকে করে আসা তিন যুবক তার পিছু নেয়। চা বাগানের কাছে তাকে একা পেয়ে পথ আটকায়। এরপর অপহরণ করে চা বাগানের ভিতরে নিয়ে গিয়ে নির্যাতন চালায় তারা। পরে ওই ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন পরিবারের লোকজন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় বিদ্যুতের গতিতে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। নির্যাতিতার পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে। কিন্তু মঙ্গলবার রাত পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। অবিলম্বে দোষীদের গ্রেফতারির দাবিতে থানাও ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় মহিলা ও পুরুষরা।