সংবাদদাতা, ধূপগুড়ি: ধূপগুড়ির রেলস্টেশনে তোলাবাজি নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন জলপাইগুড়ি জেলা আইএনটিটিইউসির সভাপতি তপন দে। স্টেশনের আইএনটিটিইউসি প্রভাবিত রেলওয়ে স্টেশন ওয়ার্কার ইউনিয়নের তোলাবাজির ঘটনা নিয়ে বুধবার বৈঠকে বসে ধূপগুড়ির তৃণমূল নেতৃত্ব। সেখানে স্বচ্ছভাবে পরিচলনার জন্য বর্তমান কমিটি ভেঙে স্টিয়ারিং কমিটি তৈরির চিন্তাভাবনা করে নেতৃত্ব।
Advertisement
ধূপগুড়ি তৃণমূল রেলওয়ে ওয়ার্কার ইউনিয়নের সম্পাদক আব্বাস আলীর বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি সাধারণ শ্রমিকদের কাজ দেয়ার নাম করে তোলা আদায় করেন। একজন ব্যক্তির কাছে এক লাখ টাকা তোলা চাওয়ার অভিযোগে তার বিরুদ্ধে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগও দায়ের করে দলেরই এক ব্যক্তি। এক্ষেত্রে দলের বদনাম হয়েছে বলে অভিযোগ তুলে সরব হয় অপর গোষ্ঠী। ধূপগুড়ি আইএনটিটিইউসির ব্লক সভাপতি আলম রহমান বলেন, আমার কাছে অভিযোগ এসেছে। আমি কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। যদিও আব্বাস আলী অভিযোগ অস্বীকার করে বলেন, আমিও থানায় অভিযোগ দায়ের করব। তবে জলপাইগুড়ি জেলা আইএনটিটিইউসির সভাপতি তপন দে বলেন, শ্রমিক সংগঠনের নামে তোলাবাজি বরদাস্ত করা হবে না। বিষয়টি আমি জানতে পেরে রাজ্যকমিটি এবং ধূপগুড়ির বিধায়ককে জানাই। এদিন লোকাল নেতৃত্ব একটি বৈঠক বসছে। সেখানে স্বচ্ছভাবে কাজ করার জন্য একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হবে।



