নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সোনারপুর স্টেশন সংলগ্ন অটো ও বাস স্ট্যান্ড সরানোর নির্দেশ দিল আরপিএফ। গত কয়েকদিন ধরে তারা মাইকিং করে বাস ও অটোচালকদের এ ব্যাপারে সতর্ক করেছে। শনিবারের মধ্যে ওই জায়গাটি খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছে রেল পুলিস। গোটা জায়গাটি রেলের আওতাধীন এবং সেখানে তাদের একটি অফিস ঘর হবে। সেই জন্যই বাস ও অটো স্ট্যান্ড অন্যত্র সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। এদিকে, ওই জায়গা থেকে সরবেন না বলে জানিয়ে দিয়েছেন চালকরা। আজ, রবিবার ওই জায়গা নিজেদের দখলে নিতে নামবে আরপিএফ। জানা গিয়েছে, ওই স্ট্যান্ড থেকে এসডি ৫ নম্বর বাস ছাড়ে। এছাড়াও গড়িয়া যাওয়ার জন্য অটো ওখানেই দাঁড়ায়। বহু বছর ধরেই জায়গাটি বাস ও অটো স্ট্যান্ডে পরিণত হয়েছে। হঠাৎ করে তাদের উঠে যাওয়ার নির্দেশ দেওয়ায় জটিলতা দেখা দিয়েছে। এখন আরপিএফ কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর সকলের।



