নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: দীর্ঘদিন ধরে একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন স্ত্রী। তাঁর চিকিৎসায় টাকা খরচ করতে করতে একেবারে বেহাল দশা হয়েছিল স্বামীর। স্ত্রীর চিকিৎসা চলতে চলতেই মানসিকভাবেও বিপর্যস্ত হন তিনি। শেষপর্যন্ত চূড়ান্ত পথ বেছে নিলেন বছর আশির বৃদ্ধ ধনেশ্বর রায়। নিজের শোওয়ার ঘরের সিলিংয়ে কাপড় ঝুলিয়ে আত্মহত্যা করলেন তিনি। ঘটনাটি প্রধাননগর থানার শিশাবাড়ি উত্তর পলাশে। রবিবার ভোর পাঁচটা নাগাদ ধনেশ্বরবাবুর ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পুলিস এসে দেহ উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দা এবং পরিবারের সদস্যদের সঙ্গে প্রাথমিকভাবে জেরা করার পর তারা জানতে পেরেছে, বাড়িতে স্বামী ও স্ত্রী দুজনেই অসুস্থ থাকলেও স্ত্রী দীর্ঘদিন ধরেই ভুগছিলেন একাধিক রোগে। চিকিৎসা করেও সুস্থ করে তোলা সম্ভব হচ্ছিল না। এরপরেই ধীরে ধীরে মানসিক অবসাদে ভুগতে থাকেন বছর আশির এই বৃদ্ধ। এরপরই এই ধরনের চূড়ান্ত পরিণতির পথ বেছে নিয়েছিলেন ধনেশ্বরবাবু।



