সংবাদদাতা, পতিরাম: নেশামুক্তি কেন্দ্রে চিকিত্সার জন্য যাওয়া বন্ধুর স্ত্রীর সঙ্গে ফোনালাপ। চিকিৎসা করিয়ে বাড়িতে ফিরে সেকথা জানতে পেরে বন্ধুর উপর হামলার অভিযোগ উঠল। হাঁসুয়া নিয়ে বন্ধুর বাড়িতে হামলা চালায় নেশামুক্তি কেন্দ্র ফেরত বন্ধু। প্রাণভয়ে নিরাপত্তার দাবিতে থানার দ্বারস্থ হয়েছেন সেই আতঙ্কিত বন্ধু। ঘটনাটি বালুরঘাটের বিজয়শ্রী এলাকায়। পুলিস সূত্রে খবর, আক্রান্ত ওই যুবকের নাম অরূপ মহন্ত। তাঁর বন্ধু দুর্জয় মণ্ডল। বছর খানেক দুর্জয় চরম নেশাগ্রস্ত হয়ে পড়েন। সেজন্য তাঁকে নেশামুক্তি কেন্দ্রে পাঠানো হয়েছিল। সেই সময় দুর্জয়ের স্ত্রীর সঙ্গে অরূপের যোগাযোগ বাড়ে। সম্প্রতি স্ত্রীর ফোন ঘেঁটে অরূপের সঙ্গে ফোনে কথা বলার বিষয়টি জানতে পারেন দুর্জয়। ক্ষিপ্ত হয়ে অরূপকে ডেকে দুর্জয় সকলের সামনে ক্ষমা চাওয়ান। কিন্তু দুর্জয়ের রাগ কমেনি। মঙ্গলবার রাতে অরূপের বাড়িতে হাঁসুয়া নিয়ে হামলা চালান দুর্জয়। প্রথমে দরজা না খোলায় অরূপের বাবাকে হাঁসুয়ার আঘাত করতে যান তিনি।
Advertisement
বালুরঘাট থানার দ্বারস্থ হয়ে অরূপ বলেন, দুর্জয় আমার ছোটবেলার বন্ধু। ওর নিতে বাড়িতে ফোন করেছিলাম। কিন্তু ও নেশামুক্তি কেন্দ্র থেকে ফিরে এসে আমাকে সন্দেহ করে মারধরের চেষ্টা করে। কিছু না করেও আমি ক্ষমা চেয়েছিলাম। কিন্তু গতকাল রাতে নেশা করে আমার বাড়িতে হাঁসুয়া নিয়ে হামলা চালায় সে। ডিএসপি (সদর) বিক্রম প্রসাদ বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।



