নিজস্ব প্রতিনিধি, বারাসত: স্ত্রীকে ‘সবক’ শেখাতে রেললাইনে দাঁড়িয়ে আত্মহত্যার ‘ভয়’ দেখাতে যান স্বামী। তা দেখে স্ত্রী তাঁকে বাঁচাতে যান। কিন্তু শেষ রক্ষা হল না। ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে মৃত্যু হল দম্পতির। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাবড়া থানার জয়গাছি ৩০ নং রেলগেট এলাকায়। পুলিস জানিয়েছে, মৃতেরা হল ত্রিনাথ সাহা (৩১) ও তাঁর স্ত্রী সুনন্দা সাহা (২৮)। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমেছে এলাকায়। পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বারাসত হাসপাতালে পাঠিয়েছে।
Advertisement
জানা গিয়েছে, জয়গাছি রেললাইনের ধারে বাস করে ত্রিনাথের পরিবার। বাড়িতে তাঁর দুই নাবালক সন্তান ছাড়াও রয়েছেন মা। বছর চারেক আগে রেললাইন পার হতে গিয়ে দু’পা কাটা যায় ত্রিনাথের। সংসার চালানোর জন্য বাড়িতেই ছোট্ট একটি গুমটি চালাতেন তিনি। স্ত্রী সুনন্দা পরিচারিকার কাজ করতেন। প্রতিদিন আকণ্ঠ মদ্যপান করতেন ত্রিনাথ। তা নিয়ে দম্পতির মধ্যে অশান্তি ছিল নিত্যদিনের। শুক্রবার সকালেও তা চরমে ওঠে। দুপুরে লাঠিতে ভর করে ত্রিনাথ রেললাইনে নেমে আত্মহত্যার চেষ্টা করেন। দূর থেকে তা দেখে স্ত্রী বাঁচাতে ছুটে যান। কিন্তু শেষ রক্ষা হল না। ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হলেন দম্পতি। প্রতিবেশী বৃষ্টি ঘোষ বলেন, ত্রিনাথকে বাঁচাতে গেলে ও স্ত্রীকেও টেনে নিয়েছিল। তাতেই দু’জনের মৃত্যু হল। খুব মর্মান্তিক ঘটনা।
অনন্ত বিশ্বাস নামে এক বাসিন্দা বলেন, স্ত্রীকে ভয় দেখাতে গিয়েই মর্মান্তিক পরিণতি। বাড়িতে দু’টি নাবালক সন্তান রয়েছে, তাদের কি হবে বুঝতে পারছি না। মৃতের মা অঞ্জলি সাহা বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে প্রতিদিনই অশান্তি হতো মদ খাওয়া নিয়ে। কিন্তু এমন ঘটনা ঘটবে বুঝতে পারিনি। ছেলেকে আত্মহত্যা থেকে বাঁচাতে গিয়ে বউমার প্রাণ গেল।