নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লোকলস্কর নিয়ে রাতভর রাস্তা খোঁড়াখুঁড়ি চলছে। খোঁড়া রাস্তা থেকে কিছুটা দূরে আবার বোর্ড ঝোলানো। তাতে লেখা— ‘সিইএসসি অ্যাট ওয়ার্ক’। এই কারসাজিতেই অভিনব কায়দায় বন্দরের একাধিক এলাকায় চলছিল বিদ্যুৎ চুরি। রাস্তা কেটে সিইএসসির কেবল থেকে বিদ্যুতের লাইন চুরি করে ঝুপড়িগুলিতে বিদ্যুৎ সরবরাহের অভিযোগ উঠেছে। সিইএসসির লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে নাদিয়াল থানার পুলিশ। বৃহস্পতিবার এই ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা।
পুজোর আগেই নাদিয়াল থানায় বিদ্যুৎ চুরি নিয়ে একটি অভিযোগ জমা পড়ে। যেখানে বিদ্যুৎ বণ্টন সংস্থা জানায়, নাদিয়াল, মেটিয়াবুরুজ, গার্ডেনরিচ এলাকায় বিভিন্ন ঝুপড়িতে বেআইনিভাবে বিদ্যুৎ সংযোগ করা হয়েছে। যার কোনো তথ্য সিইএসসির কাছে নেই। এক বছর ধরে এই কর্মকাণ্ড চলছে। ফলে প্রায় ১২ লক্ষ টাকা লোকসান হয়েছে বিদ্যুৎ বণ্টন সংস্থার। এরপরেই তদন্তে নামে পুলিশ। বিভিন্ন ঝুপড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। তাতেই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। পুলিশ সূত্রে খবর, সিইএসসির মত সমান্তরাল একটি বিদ্যুৎ বণ্টনের নেটওয়ার্ক তৈরি করেছিল অভিযুক্তরা। বিদ্যুৎ সরবরাহের বদলে ঝুপড়িগুলি থেকে মোটা টাকা নিত তারা। চলত মাসিক খাতাও। জেরার সূত্র ধরেই বুধবার রাতে দু’জন অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ। তাদের থেকে আরও তথ্য পান তদন্তকারীরা। অভিযুক্তদের থেকে মিলেছে একটি ‘সিইএসসি অ্যাট ওয়ার্ক’ লেখা বোর্ড। রাস্তার মাঝে সেই বোর্ড দাঁড় করিয়ে রাতের দিকে রাস্তা কাটা হত। অভিযুক্তরা তদন্তকারীদের জানিয়েছে, রাতে টহলদার পুলিশের সন্দেহ এড়াতেই এই ব্যবস্থা করা হয়েছিল।



