Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পূর্তমন্ত্রীর উদ্যোগে সেজে উঠেছে বিপ্লবী নানু ঘোষের মূর্তি সংলগ্ন চত্বর

পূর্তমন্ত্রীর উদ্যোগে সেজে উঠেছে বিপ্লবী নানু ঘোষের মূর্তি সংলগ্ন চত্বর
  • ২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: সংস্কার করার পর উলুবেড়িয়ার মিলিটারি ব্রিজ উদ্বোধন হয়েছিল। সেই দিনই ব্রিজের পাশে থাকা বিপ্লবী নানু ঘোষের মূর্তি সংলগ্ন এলাকাকে সাজানোর কথা ঘোষণা করেছিলেন পূর্তমন্ত্রী পুলক রায়। সেই অনুসারে পূর্তদপ্তরের পক্ষ থেকে কয়েক লক্ষ টাকা ব্যয়ে জায়গাটিকে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে। ইতিমধ্যে ওই এলাকাকে ঘিরে সুন্দর প্রবেশদ্বার তৈরি করা হয়েছে। ভিতরে বাহারি ফুলের গাছ ছাড়াও চেয়ার বসানো হয়েছে। সুদৃশ্য আলোয় আলোকিত করা হয়েছে গোটা এলাকা। এমনকী ভিতরে বিশ্ব বাংলা লোগো লাগানোয় জায়গাটিও অন্য মাত্রা পেয়েছে। বসানো হয়েছে ‘আই লাভ উলুবেড়িয়া’ লেখা বোর্ড। পূর্তমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নাগরিকরা। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বিপ্লবী নানু ঘোষ এক উজ্জ্বল নক্ষত্র। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন তিনি। ১৯১১ সালের ৩ মার্চ উলুবেড়িয়ার লতিবপুরে তিনি জন্মগ্রহণ করেন। ফরোয়ার্ড ব্লকের এই সক্রিয় সদস্য তিনবার বিধানসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৭৫ সালের ১১ আগস্ট তাঁর মৃত্যু হয়। উলুবেড়িয়া শহরের লকগেটে মিলিটারি ব্রিজের পাশেই আছে তাঁর মূর্তি। ফরোয়ার্ড ব্লকের পক্ষ থেকে ওই জায়গায় প্রতি বছর ১১ আগস্ট বিপ্লবী নানু ঘোষ এবং ১১ ডিসেম্বর রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রবীন্দ্র ঘোষের স্মরণসভা করা হয়। যদিও রক্ষণাবেক্ষণের অভাবে জায়গাটি আগাছায় ভর্তি হয়েছিল। সেই সঙ্গে মিলিটারি ব্রিজটিও বেহাল হয়ে পড়েছিল। তাই মিলিটারি ব্রিজ সংস্কারের পাশাপাশি মূর্তি সংলগ্ন এলাকাটিকে নতুনভাবে সাজিয়ে তুলল পূর্তদপ্তর।

Advertisement

মন্ত্রী পুলক রায় এবিষয়ে জানান, বিপ্লবী নানু ঘোষের মূর্তি সংলগ্ন এলাকাটি অপরিষ্কার অবস্থায় ছিল। পূর্তদপ্তরের পক্ষ থেকে জায়গাটিকে সাজিয়ে দেওয়া হল। মন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ফরোয়ার্ড ব্লকের হাওড়া জেলার সভাপতি তথা রাজ্য কমিটির সদস্য কুতুবউদ্দিন আহমেদ। যদিও তাঁর একটু আক্ষেপ, ওই এলাকায় স্মরণসভা করা হতো। এখন আর করা যাবে না। - নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ