Bartaman Logo
৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাস থেকে জিটিএ নিয়োগ দুর্নীতির মামলা সরাতে চিঠি পাঠাল রাজ্য

বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাস থেকে জিটিএ নিয়োগ দুর্নীতি মামলা সরিয়ে নিতে মরিয়া রাজ্য সরকার। এই মর্মে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের কাছে লিখিত আবেদন জানিয়েছে রাজ্য।

বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাস থেকে জিটিএ নিয়োগ দুর্নীতির মামলা সরাতে চিঠি পাঠাল রাজ্য
  • ১৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাস থেকে  জিটিএ নিয়োগ দুর্নীতি মামলা সরিয়ে নিতে মরিয়া রাজ্য সরকার। এই মর্মে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের কাছে লিখিত আবেদন জানিয়েছে রাজ্য। এর আগে বিচারপতি নিজে এই মামলা থেকে সরে গিয়েছিলেন। সেবারও রাজ্যের দাবি ছিল, জলপাইগুড়ির সার্কিট বেঞ্চে এই মামলার শুনানি হওয়া উচিত। কিন্তু বিচারপতি সরে গেলেও প্রধান বিচারপতি ফের তাঁকেই মামলা শোনার নির্দেশ দেন। এই মামলায় প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, ছাত্র নেতা তৃণাঙ্কুর-সহ কয়েকজনের নামে এফআইআর দায়ের হয়েছিল। তাঁদের কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? একাধিকবার রাজ্যকে বিচারপতি বসুর এই প্রশ্নের মুখে পড়তে হয়। তারপরই মামলাটি সার্কিট বেঞ্চে স্থানান্তর করতে চায় রাজ্য। বৃহস্পতিবার বিচারপতি বসুর এজলাসে মামলাটি শুনানির জন্য উঠলে রাজ্য জানায়, এই এজলাস থেকে মামলা সরাতে তারা প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছে। সেই চিঠির কপি পেশ করা হয়। তারপরেই বিচারপতি বসু মামলার শুনানি না করে তা স্থগিত করে দেন। প্রধান বিচারপতির তরফে কোনও নির্দেশ না আসা পর্যন্ত এফআইআর এবং অভিযুক্তদের নোটিস না দেওয়া নিয়ে রাজ্যকে রিপোর্ট দিতে হবে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসেই। ২১ মার্চ ফের মামলার শুনানি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ