Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নয়া রেশন ডিলারশিপ দিতে জমি সংক্রান্ত নিয়ম শিথিল করল রাজ্য

নতুন রেশন ডিলারশিপ পাওয়ার ক্ষেত্রে জমি সংক্রান্ত নিয়ম কিছুটা শিথিল করল খাদ্যদপ্তর। রেশন দোকান ও গুদাম তৈরির জন্য চিহ্নিত জমির চরিত্রবদলের ক্ষেত্রে নিয়মের কিছুটা পরিবর্তন করা হয়েছে।

নয়া রেশন ডিলারশিপ দিতে জমি  সংক্রান্ত নিয়ম শিথিল করল রাজ্য
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নতুন রেশন ডিলারশিপ পাওয়ার ক্ষেত্রে জমি সংক্রান্ত নিয়ম কিছুটা শিথিল করল খাদ্যদপ্তর। রেশন দোকান ও গুদাম তৈরির জন্য চিহ্নিত জমির চরিত্রবদলের ক্ষেত্রে নিয়মের কিছুটা পরিবর্তন করা হয়েছে। খাদ্যদপ্তর জানাচ্ছে, নতুন ডিলারশিপের জন্য বেশকিছু আবেদনপত্র বাতিল হয়ে যাচ্ছিল। কারণ ওই আবেদন জমার পরই জমির চরিত্রবদলের আরজি পেশ করা হয়েছিল। এর সুরাহার জন্য নতুন নিয়ম চালু করা হয়েছে। খাদ্যদপ্তরের এই সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীর জমি বাস্তু, বাণিজ্যিক বা অকৃষি না-হলে তার চরিত্রবদল জরুরি। সেক্ষেত্রে ডিলারশিপের আবেদনপত্র জমার ৩০ দিনের মধ্যে জমির চরিত্রবদলের আরজি গ্রাহ্য হবে। আবেদনকারী অফার লেটার পাওয়ার তিনমাসের মধ্যে জমির চরিত্রবদলের শংসাপত্র জমা দিতে পারবেন। খাদ্যদপ্তর সূত্রের খবর, রাজ্যজুড়ে বিশেষ করে গ্রামীণ এলাকায় আরো বেশি সংখ্যক রেশন ডিলারশিপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানকার একটি দোকানে বহু গ্রাহক থাকেন, সংখ্যাটি ১৫-২০ হাজার পর্যন্ত! এতে সাধারণ মানুষকে রেশন তুলতে কিছুটা অসুবিধায় পড়তে হয়। তাঁদের সুরাহার জন্যই নতুন ডিলারশিপ দেব রাজ্য। এতে নতুন কর্মসংস্থানও হবে। একটি রেশন দোকানে দু-তিনজনের চাকরি হয়। রেশন ডিলারশিপ পেলে কোনো সরকারি দপ্তরে বা সরকারি সংস্থায় চাকরি করা যায় না। এমনকি স্বামী বা স্ত্রী সরকারি দপ্তর বা সরকারি সংস্থার কর্মী হলেও এই সুযোগ মেলে না। 

Advertisement

খাদ্যদপ্তর জানাচ্ছে, জেলার শহর ও গ্রামে সংশোধিত রেশন এলাকায় প্রায় তিন হাজার ডিলারশিপ ফাঁকা আছে। তার মধ্যে অর্ধেক পূরণের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। অফার লেটার দেওয়া হয়েছে ১,২২১টি ডিলারশিপের জন্য। বাকিগুলির জন্যও অফার লেটার দ্রুত প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। আরো ১,৩৪৮টি ডিলারশিপ প্রদানের কাজ শুরু হবে শীঘ্রই। পরবর্তী পর্যায়ে রাজ্যজুড়ে আরো কিছু রেশন ডিলারশিপ দেওয়া হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ