Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স শুরু সকাল ১১টায় এগজাম স্পেশাল ট্রেন, চলবে ১২টা থেকে

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স শুরু সকাল ১১টায় এগজাম স্পেশাল ট্রেন, চলবে ১২টা থেকে
  • ২৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় নিজেদের ভাগ্য যাচাইয়ে বসছেন লক্ষ লক্ষ পরীক্ষার্থী। আজ রবিবার সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলবে এই লিখিত পরীক্ষা। পরীক্ষার্থী ও অভিভাবকদের সহজে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে প্রতি বছরই স্পেশাল ট্রেনের ব্যবস্থা করে রেল। তবে এবছর বিশেষ এই পরিষেবা পরীক্ষার্থী ও অভিভাবকদের কতটা কাজে আসবে, তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। কেননা, স্পেশাল ট্রেনের সময়সূচি দেখে লাখ লাখ পরীক্ষার্থী সরাসরি রেল কর্তাদের দক্ষতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। পূর্ব রেলের তরফে সরকারি প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে, শিয়ালদহ ডিভিশনে আজ বেলা ১২টা ১ মিনিট থেকে বিকেল ৪টে পর্যন্ত স্পেশাল ট্রেন চলবে। একইভাবে হাওড়া ডিভিশনেও বিকেল ৪টে পর্যন্ত বিশেষ এই পরিষেবা দেওয়ার কথা লিখিতভাবে ঘোষণা করেছে রেল। এর পরই নবান্নের তরফে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে। কারণ, আজ রবিবার ১১টা থেকে পরীক্ষা শুরু। সকাল ৯টা থেকে পরীক্ষা কেন্দ্রগুলিতে পরীক্ষার্থীরা ঢুকতে পারবেন। সেক্ষেত্রে বেলা ১২টা থেকে স্পেশাল ট্রেন চালানোর যুক্তি খুঁজছেন রাজ্য প্রশাসনের আমলারা। একইভাবে জয়েন্ট শেষে রেল স্টেশন থেকে দূরবর্তী পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থীরা এই স্পেশাল ট্রেনের সুবিধাই পাবেন না। কারণ, বিকেল ৪টে পর্যন্ত পরীক্ষা চলবে। হাওড়া-শিয়ালদহ ডিভিশনে স্পেশাল ট্রেন চলবে ওই ৪টে পর্যন্তই। 

Advertisement

একইভাবে এই ধরনের বড় পরীক্ষার সময় স্পেশাল মেট্রো সার্ভিস দেয় রেল। তবে শনিবার রাত ৯টা পর্যন্ত জানা যায়নি স্পেশাল মেট্রো চলবে কি না। পরীক্ষার্থীদের প্রশ্ন, কাদের সুবিধার জন্য হাওড়া-শিয়ালদহে এই অবাস্তব সময়সূচিতে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত হল? কেন স্পেশাল মেট্রো থেকে বঞ্চিত হলেন তাঁরা?  

Advertisement
সম্পর্কিত সংবাদ