Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সর্বোচ্চ ৩৮ হাজার, চুক্তিভিত্তিক সরকারি ড্রাইভার-কন্ডাক্টরদের বেতন বাড়াল রাজ্য

সর্বোচ্চ ৩৮ হাজার, চুক্তিভিত্তিক সরকারি ড্রাইভার-কন্ডাক্টরদের বেতন বাড়াল রাজ্য
  • ১৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রাজু চক্রবর্তী, কলকাতা: দোল উৎসবের আবহে রাজ্যের অস্থায়ী বাসচালক ও কন্ডাক্টরদের জন্য সুখবর নিয়ে এল নবান্ন। আট বছর পর চুক্তিভিত্তিক সরকারি বাসচালকদের বেতন একলাফে বাড়ল অনেকটাই। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, এখন চাকরিতে ঢুকলেই ড্রাইভার পদে সর্বনিম্ন বেতন হবে ১৬ হাজার টাকা, যা এতদিন ছিল ১৩ হাজার ৫০০। চুক্তিভিত্তিক বাসচালকদের সর্বোচ্চ বেতন ধার্য হয়েছে ৩৮ হাজার টাকা। একইসঙ্গে কর্মজীবনের মেয়াদ অনুযায়ী পাঁচটি ক্যাটিগরিতে ড্রাইভারদের বর্ধিত বেতন স্থির করা হয়েছে। অর্থাৎ, ড্রাইভার পদে পাঁচ থেকে ২০ বছরের মধ্যে বিভিন্ন পর্যায়ে মাসিক বেতন সুনির্দিষ্ট হারে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। এতদিন এই সুবিধা থেকে বঞ্চিত ছিলেন হাজার হাজার বাসচালক। দু’দশক কাজ করলেও কার্যত একই বেতন মিলত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে এতদিনে চুক্তিভিত্তিক বাসচালকদের মুখে হাসি ফুটল। সূত্রের দাবি, সরকারি বাসের কন্ডাক্টরদের জন্যও এক ফর্মুলায় বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। অর্থদপ্তরের তরফে প্রাথমিক অনুমোদন মিলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে। তবে বাসচালকদের বেতন বৃদ্ধির আদেশনামায় বৃহস্পতিবারই স্বাক্ষর করেছেন পরিবহণ সচিব সৌমিত্র মোহন। চলতি বছরের ১ জানুয়ারি থেকেই এই বর্ধিত বেতন কার্যকর হবে। অর্থাৎ ড্রাইভাররা মার্চের বেতনের সঙ্গে এরিয়ার হিসেবে তিন মাসের বর্ধিত টাকা হাতে পাবেন।

Advertisement

বাম আমলের শেষ থেকেই স্থায়ী পদে সরকারি বাসে চালক-কন্ডাক্টর নিয়োগ কার্যত বন্ধ। লোকসানে চলা পরিবহণ নিগমগুলি কর্মচারীদের আর্থিক বোঝা বইতে গিয়ে আরও দুর্বল হয়ে পড়ছে। সেই সূত্রেই চুক্তিভিত্তিক ড্রাইভার-কন্ডাক্টর নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। ২০১৭ সালে শেষবার এই পদে কর্মীদের বেতন বৃদ্ধি হয়েছিল। ১১ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ওই বছরই চুক্তিভিত্তিক ড্রাইভার-কন্ডাক্টরদের বেতন হয়েছিল ১৩ হাজার ৫০০ টাকা। সূত্রের দাবি, সমস্ত সরকারি পরিবহণ নিগমগুলি মিলিয়ে এই মুহূর্তে গোটা রাজ্যে প্রায় হাজার দেড়েক চুক্তিভিক্তিক চালক ও কন্ডাক্টর রয়েছেন। পাশাপাশি সংশ্লিষ্ট দু’টি পদে নতুন করে আরও ৯৫০ জন কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দপ্তর। বেতন বৃদ্ধির এই খবর বিরাট সংখ্যক কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য স্বস্তি আনবে বলে দাবি প্রশাসনিক কর্তাদের। সংশ্লিষ্ট মহলের কথায়, অন্যান্য দপ্তরের চুক্তিভিত্তিক কর্মীরা ৬০ বছর পূর্ণ করলে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা পান। বাসচালক-কন্ডাক্টরদের জন্য এ ধরনের বাড়তি আর্থিক সুবিধা দেওয়ার কথাও বিবেচনায় রয়েছে প্রশাসনের। 

Advertisement
সম্পর্কিত সংবাদ