নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নে এক কোটিরও বেশি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। হুগলি জেলার একাধিক স্কুলের উন্নতিতে এই বরাদ্দ করা হয়েছে। হুগলি জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, এ ছাড়া আরও একাধিক বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নে দ্রুত বরাদ্দ হবে অর্থ। একই রকম ইঙ্গিত মিলেছে রাজ্য শিক্ষাদপ্তর সূত্রে।
বরাদ্দকৃত টাকা কয়েক দফায় সংশ্লিষ্ট স্কুলগুলিকে দেওয়া হবে। রাজের নির্দেশিকা পাওয়া মাত্রই স্কুলগুলিকে কাজে নেমে পড়তে এবং রাজ্য সরকারের একাধিক সংস্থাকে টেন্ডারের মাধ্যমে কাজে নামার নির্দেশ দেওয়া হয়েছে। সবথেকে বেশি (৩৫লক্ষ) টাকা বরাদ্দ করা হয়েছে বলাগড় ব্লকের জন্য। হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলির পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকারের কাছে তালিকা পাঠানো হয়েছিল। সেই তালিকা থেকে প্রথম দফায় বিভিন্ন ব্লকের প্রায় ৩৫টি স্কুলের জন্য প্রায় এক কোটি ১২লক্ষ টাকা সরকার দিয়েছে। কোথাও স্কুল ঘর, কোথাও মিড ডে মিল শেড, কোথাও শিক্ষা পরিকাঠামো উন্নয়ন খাতে ওই টাকা ব্যয় হবে। ইতিমধ্যেই স্কুলগুলিকে প্রস্তুত হতে বলা হয়েছে। পাশাপাশি টেন্ডার সহ আনুসঙ্গিক কাজ শেষ করে প্রকল্প রূপায়ণের প্রস্ততিও নেওয়া হয়েছে। দ্বিতীয় দফায় আরও কিছু স্কুলের পরিকাঠামো উন্নয়নের কাজ আমরা করব। রাজ্য সরকারের কাছ থেকে বরাদ্দ পাওয়ার নিশ্চয়তা ইতিমধ্যেই মিলেছে। হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধাড়া বলেন, আমাদের সরকার শিক্ষা থেকে স্বাস্থ্য, শিল্প থেকে যাতায়াত পরিকাঠামো উন্নয়নের জন্য ধারাবাহিকভাবে কাজ করছে। স্কুলের পরিকাঠামো উন্নয়ন বাবদ আমরা টাকা পেয়েছি। প্রাথমিক শিক্ষার পরিকাঠামো জেলায় মজবুত করে গড়ে তোলা হবে।
হুগলি জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, স্কুলের পরিকাঠামোর উন্নতি নিয়ে গত বছরের শেষ পর্বে সমীক্ষার নির্দেশ দেওয়া হয়েছিল। শিক্ষা কর্মাধ্যক্ষের সেই নির্দেশের প্রেক্ষিতেই ব্লক ভিত্তিক যাচাই পর্ব শুরু হয়। তারপর জেলার সমস্ত স্কুলের পরিকাঠামোর একটি পূর্ণাঙ্গ চিত্র উঠে আসে। ওই সময়ে বিভিন্ন স্কুলের তরফে একগুচ্ছ দাবিদাওয়া জমা পড়েছিল। সেগুলিও যাচাই করে দেখা হয়। তারপর জেলার প্রাথমিক শিক্ষার পরিকাঠামো উন্নয়নের জন্য একটি তালিকা রাজ্য সরকারের কাছে পাঠানো হয়। সেখান থেকেই প্রাথমিক পর্বে একগুচ্ছ স্কুলের জন্য সরকার টাকা বরাদ্দ করেছে। জানা গিয়েছে, ব্লক হিসেবে বলাগড় যেমন সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে তেমনই মহকুমা হিসেবে বেশি বরাদ্দ জুটেছে শ্রীরামপুর মহকুমার জন্য। মোট বরাদ্দের প্রায় ৭০ শতাংশ টাকা শ্রীরামপুর মহকুমার একাধিক ব্লক পেয়েছে।