নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: শ্রীরামপুর শহরের গঙ্গা লাগোয়া দু’টি গঙ্গার ঘাট সংস্কার ও সাজিয়ে তোলার কাজে হাত পড়তে চলেছে। এ কাজের জন্য অর্থবরাদ্দ করেছে রাজ্য সরকার। ঘাটগুলি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বিপজ্জনক হয়ে উঠেছিল। পুণ্যার্থী থেকে সাধারণ মানুষ, সকলেই সমস্যায় পড়ছিলেন।
শ্রীরামপুর পুরসভা সূত্রে জানা গিয়েছে, ছিন্নমস্তা ঘাট ও কেষ্ট মুখার্জি উদ্যান ঘাট সারানো এবং সাজিয়ে তোলা হবে। ওই দু’টি ঘাটের প্রথমটির জন্য এক কোটি ২৬ লক্ষ ও দ্বিতীয়টির জন্য দেড় কোটি টাকা পুরদপ্তর বরাদ্দ করেছে। ঘাট সংস্কারের জন্য শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও উদ্যোগ নেন। পাশাপাশি পুরসভা প্রস্তাব পাঠিয়েছিল পুরদপ্তরের কাছে।
শ্রীরামপুর পুরসভার আধিকারিকরা জানান, জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পুরোদস্তুর কাজ শুরু হবে। তা দ্রুত শেষ করার জন্য নির্মাণকারী সংস্থাকে নির্দেশ দেওয়া হবে। বর্ষার আগে ঘাট বাঁধানোর কাজ শেষ করার লক্ষ্য ঠিক হয়েছে। পাড়ের সৌন্দর্যায়নের কাজও একইসঙ্গে চলবে। মূলত, নানারকম দৃষ্টিনন্দন আলো এবং রকমারি গাছ দিয়ে পাড় সাজানো হবে। কেষ্ট মুখার্জি ঘাটে একটি পার্ক আছে। সেটিও নতুন রূপে সাজিয়ে তোলা হবে। সেই কারণে ওই ক্ষেত্রে রাজ্য সরকার বাড়তি টাকা বরাদ্দ করেছে। এ নিয়ে পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সদস্য সন্তোষ সিং(পাপ্পু) বলেন, একাধিক গঙ্গার ঘাট সংস্কার ও সাজিয়ে তোলার প্রয়োজন। ঘাটগুলি সংস্কারের অভাবে বিপজ্জনক হয়ে উঠেছিল। পুণ্যার্থী থেকে বাসিন্দারা নিয়মিত একাধিক জনপ্রিয় ঘাটে যাতায়াত করেন। সেই কারণে সংস্কার করার দরকার ছিল। বিষয়টি জানার পর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়েছিলেন। পুরদপ্তর দু’টি ঘাট সংস্কারের জন্য প্রায় পৌনে তিন কোটি টাকা দিয়েছে। আমরা দ্রুত সাজিয়ে তোলা ও নিরাপদ ব্যবহারের উপযোগী করে তোলার কাজ করব। পুরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা বলেন, নাগরিকদের সুষ্ঠু পরিষেবা দিতে আমাদের পুরসভা দায়বদ্ধ। রাজ্য সরকারও দরাজ হয়ে আমাদের সাহায্য করে। ঘাট সংস্কার ও সেগুলিকে সাজিয়ে তোলার জন্য নির্মাণকাজের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। শ্রীরামপুরের বাম নেতা মৃন্ময় সেনগুপ্ত বলেন, পুরসভার নাগরিক পরিষেবা নিয়ে বাসিন্দাদের অনেক ক্ষোভ আছে। শহরের একাধিক ঘাট বিপজ্জনক। আশা করব পুরসভা সেগুলির দিকেও নজর দেবে। দু’টি ঘাট মেরামত করে সবকটি ঘাট সাজিয়ে তোলার বিজ্ঞাপন দিতে নেমে পড়বে না।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, শহরে মোট পাঁচটি জনপ্রিয় ঘাট আছে। সেই সবগুলি ঘাটেই বহুদিন সংস্কার কাজ হয়নি। ছিন্নমস্তা ও কেষ্ট মুখার্জি উদ্যান ঘাটের পাশাপাশি দে ঘাট, সিদ্ধেশ্বরী তলা ঘাট ও রায়ঘাটের সংস্কারের প্রস্তাবও রাজ্য সরকারকে দেওয়া হয়েছিল। পুরকর্তাদের দাবি, দ্বিতীয় দফায় বাকি তিনটি ঘাটের সংস্কারের জন্য সরকার টাকা দেবে। ইতিমধ্যে সেই বিষয়ে সবুজ সঙ্কেত মিলেছে।