নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিয়ম মেনে আগাম অনুমোদন নিয়ে সরকারি আধিকারিক ও কর্মীরা বিদেশ সফরে যেতে পারবেন। বিদেশ সফরের জন্য অনুমতি নিতে হবে অন্তত একমাস আগে। মুখ্যসচিব মনোজ পন্থ এই ব্যাপারে সব দপ্তরের সচিবদের কাছে চিঠি পাঠিয়েছেন। ব্যক্তিগত বা অফিসের কাজে বিদেশ যাওয়ার ক্ষেত্রে একই নিয়ম কার্যকর হবে বলে জানানো হয়েছে চিঠিতে। এখন রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকরা ১০ বছরে একবার এলটিসি নিয়ে সপরিবারে কয়েকটি নির্দিষ্ট বিদেশি রাষ্ট্রে বেড়াতে যেতে পারেন। সেক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে বলে চিঠিতে জানানো হয়েছে।
সরকারি কর্মী ও আধিকারিকদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম আছে। সার্ভিস রুলে সেটা পরিষ্কারভাবে বলাও আছে। একজন সরকারি কর্মী পাসপোর্ট করার জন্য আবেদন করতে চাইলেও সরকারের কাছ থেকে অনুমোদন নিতে হয়। কিন্তু নিয়ম থাকলেও সরকারি কর্মী ও আধিকারিকদের অনেকেই তা ঠিকমতো মানছেন না। মুখ্যসচিবের লেখা চিঠিতে ইঙ্গিত দেওয়া হয়েছে তার। চিঠিতে বলা হয়েছে, বিদেশে যাওয়া ও থাকার সব ব্যবস্থা করার আগে অনুমোদন নিতে হবে। সব ব্যবস্থা হয়ে যাওয়ার যুক্তিতে অনুমতি দেওয়ার ক্ষেত্রে কোনও বিশেষ ছাড় দেওয়া হবে না। কোনও কর্মী ও আধিকারিক বিদেশ যেতে চাইলে দপ্তরের প্রধানকে সেই আবেদন অন্তত একমাসে আগে মুখ্যসচিবের দপ্তরে পাঠাতে হবে।
রাজ্য সরকারি সাধারণ কর্মীরা এখন এলটিসি নিয়ে সপরিবারে থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া প্রভৃতি দেশে বেড়াতে যেতে পারেন। বিমান ভাড়ার টাকা তাঁরা এলটিসি বাবদ পান। কর্মী মহলের বক্তব্য, এর জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া কয়েকমাস আগে থেকে করতে হয়। তাই একমাসেরও আগে অনুমতি নেওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা হওয়ার কথা নয়। তবে কোনও সরকারি কর্মী বা আধিকারিকের জরুরি কোনও ব্যক্তিগত বা অফিসের কাজে বিদেশ যাওয়ার প্রয়োজন হলে তার জন্য অনুমোদনের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়ার ব্যবস্থা থাকা উচিত বলে কর্মী মহল মনে করছে।